সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সাল কবির আখন্দকে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ফয়সাল কবির আখন্দের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির করার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।









