নাটোর

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে যৌতুক আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলী (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ওয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ওই গ্রামের মতলু আলীর ছেলে।

পুলিশ জানায়, নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর একটি যৌতুক নিরোধ আইনের মামলায় সুমন আলীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এএসআই মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সুমনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।