নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গ্রামে-গঞ্জে, ঘরে-ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক এমপি ও জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (১১ আগষ্ট) জেলা পরিষদ ডাকবাংলো মাঠে বিকেলে শোক দিবসের আলোচনা ও বিশেষ বর্ধিত সভা পর্যায়ে এই নির্দেশনা দেন জেলা আ’লীগের শীর্ষ এ দুই নেতা। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলার ৬ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীবৃন্দ।

বক্তব্যে আব্দুল মালেক এমপি বলেছেন, ‘মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা তাদের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আমরা যেসব কর্মসূচি নিয়েছি, সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন।’
বক্তব্যে সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনসমর্থনও বাড়ানো দরকার। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। কোনোরকম দলীয় কোন্দল যেন না থাকে সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে যেখানে সমস্যা আছে, তা দ্রুত মিটিয়ে ফেলা প্রয়োজন।’
সারাদেশে সরকার আর্থিক সহায়তা দিচ্ছে, তা যেন তাদের কাছে সঠিকভাবে পৌঁছায়, তা খেয়াল রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাধন চন্দ্র মজুমদার এমপি। একই সঙ্গে বিধবা ও বয়স্কসহ যেসব ভাতা দেওয়া হয় সেগুলোতে যেন অনিয়ম না হয় সেদিকে সজাগ থাকতেও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী ও চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, জেলা আ’লীগের সদস্য ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেনসহ জেলা কমিটির কয়েকজন সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ।
স/শা










