সিল্কসিটিনিউজ ডেস্ক :
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি ইরানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নেবেন, সেনাবাহিনী তা বাস্তবায়নের জন্য প্রস্তুত।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আলোচনার সময়, ধরন বা কে আলোচনা চালাবেন—এসব বিষয়ে বিস্তারিত বলেননি।

তিনি শুধু বলেন, ‘হ্যাঁ, আমি কথা বলার পরিকল্পনা করছি।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের দিকে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, তবে সেগুলো ব্যবহার না করতে পারলে সেটাই ভালো হবে।’
মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো ইরানে হামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তিনি বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন।
সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়েছেন—ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে এখন সেই বিক্ষোভ অনেকটাই কমে এসেছে।
ট্রাম্প আরো বলেন, ‘জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর যদি ইরান আবার তার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।’
এর আগে এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে বলেন।
হেগসেথ বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই আমাদের লক্ষ্য। প্রেসিডেন্ট যা চাইবেন, আমরা তা করতে প্রস্তুত।
সূত্র: রয়টার্স










