সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মামলার আতঙ্কে পুরুষশূন্য হচ্ছে গ্রাম

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে মামলার আতঙ্কে পুরুষশূন্য হচ্ছে গ্রাম

কামাল হোসেন, শিবগঞ্জ:
শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়ন বাখরালি বিশ্বনাথপুর গ্রামে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় প্রতিপক্ষের মামলায় পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম। এদিকে এ মামলার আসামি ধরতে গিয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর হামলার শিকার হয় পুলিশ।

 

এসময় আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে ৪-৫ জন আহত হয়। এঘটনায় পুলিশ ছয় জনকে আটকও করেছে। গ্রামে পুলিশি আতঙ্ক বিরাজ করছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।

 
এলাকাবাসী জানান, গত ২০ ডিসেম্বর সকালে বিশ্বনাথপুর গ্রামের সাগুরুদ্দিন ট্রাক্টর নিয়ে একই গ্রামের পুটুর জমির ওপর দিয়ে যাওয়ার সময় তার ছেলে সওদাগর তাতে বাধা দিলে কথা কাটিকাটি হয়। এঘটনায় ওইদিন সন্ধ্যায় আবারো দু’জনের মধ্যে মারামারি হয়। সাগুরুদ্দিন গুরুতর আহত হলেও পুটুর পক্ষই  আগে থানায় অভিযোগ করে।

 

অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ আসামি ধরতে গেলে গ্রামবাসী ডাকাত ভেবে হামলা করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

 

মুক্তিযোদ্ধা তৈমুর রহমান (ভোগা)র বিধবা স্ত্রী রেখা বেগম জানান, বুধবার রাতে গ্রামের ফিরোজ, পালু, লুতফরসহ পাঁচ ভাই পুলিশ নিয়ে আমাদের বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। আমাকে ও আমার পুত্রবধূকে মারধর  করলে আমরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। এসময় গ্রামবাসী ডাকাত ভেবে তাদের ওপর হামলা করলে পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আমার ছেলে সেলিম রাবার বুলেটে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি  করা হয়।

 

তিনি আরও জানান, আমরা গরীব মানুষ কোন পক্ষেই নেই। তারপরও আমরা নির্যাতিত হয়েছি। রাতের এঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গ্রামে পুলিশ প্রবেশ করে আসামিদের না পেয়ে তাদেরসহ ২০-২৫টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় চুলা, হাড়িপাতিলসহ ঘরের সবকিছু তছনছ করা হয় বলে জানান গ্রামের রোজিনা বেগম, ইউপি সদস্য সফিকুল ইসলামরে স্ত্রী সীমা বেগমসহ প্রায় ৫০-৬০ মহিলা।

 

কৃষক রাজ্জাক জানান, আমরা কোন পক্ষের না হলেও মাঠে ভুট্টা রোপন করার সময় আমাদের মধ্যে আজম, আশরাফুল, শাহাজাহান, কালাম ও সেলিমকে জমি থেকে আটক করে পুলিশ।

 
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও গালিগালাজ করায় মামলা হয়েছে। এঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

স/অ