জাতীয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ব্রিটেনের পাউন্ড-মালয়েশিয়ার রিঙ্গিত

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হলো হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকার। প্রায় ৭ ঘণ্টা গণনা শেষে মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ নগদ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া পাওয়া গেছে।

এ ছাড়া ২ ভরি ১ রতি সোনা, ১ ভরি ২ আনা রুপা ও বিপুল পরিমাণ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। গত ৩৪ দিনে এসব দান করেছেন ভক্তরা।
শনিবার (১৫ আগস্ট) সকালে দানবাক্সগুলোর টাকা একত্র করে গণনা শুরু হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রাপ্তির হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, দানের টাকা গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ২ ভরি ১ রতি সোনা ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া গেছে। এ ছাড়া ব্রিটেনের ৩১ পাউন্ড ১১ সেন্ট, ভারতের ৩ হাজার রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ান ৮৩ রিঙ্গিত, ইউএস ৪ ডলার, নেপালিয়ন ১০০ রুপি, ওমানের ১০০০ পয়সা ও ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪ দেহরাম ২২ সেন্ট, ইরাকের ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামের ১০০০ মুদ্রা, কাতারের ১১২ রিয়াল ৫০ সেন্ট, লেবানিজ ১০ পাউন্ড, মিশরের ১০ পাউন্ড, ইউরো ৪০ পয়সা, বাহরাইনের ১ পয়সা ও কানাডিয়ান ১ ডলার। এ ছাড়া দানের গরু, ছাগলসহ পশুর হিসাব ঘোষণা করা হয়নি। সেগুলো মাজার কর্তৃপক্ষের কাছে আছে বলে জানান আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় গণনা শুরু হয়। মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনায় অংশ নেন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা।

সবশেষ গত ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। সেদিন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ ছাড়া একাধিক দেশের মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রীও পাওয়া যায়।

তার আগে ২২ জুন প্রথমবারের মতো মাত্র ৪ দিনের জমা হওয়া দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়। সেদিন গণনায় নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়।