সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

শক্তিশালী সৌর দুরবিনে সূর্যের নিখুঁত ছবি, আগে যা দেখা যায়নি

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া
শক্তিশালী সৌর দুরবিনে সূর্যের নিখুঁত ছবি, আগে যা দেখা যায়নি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর দুরবিন ব্যবহার করে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করেছেন। এতে প্রথমবারের মতো সূর্যের পৃষ্ঠে ঘূর্ণাবর্তের মতো কার্যকলাপ স্পষ্টভাবে দেখা গেছে।

বিজ্ঞানীরা জানান, সূর্যের ভেতরের অত্যন্ত উত্তপ্ত গ্যাসের চলাচলের কারণে এর চৌম্বক ক্ষেত্র ক্রমাগত মোচড় খায় এবং ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলেই সূর্য থেকে শক্তিশালী শক্তি নির্গত হয়, যা ‘মহাকাশ আবহাওয়া’ (স্পেস ওয়েদার) সৃষ্টি করে।

এই মহাকাশ আবহাওয়া পৃথিবীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। এমনকি মহাকাশে থাকা নভোচারীদের জন্যও এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরির (এনএসও) বিজ্ঞানী ডেভিড ববোল্টজ বলেন, সূর্যই এই শক্তি এবং মহাকাশ আবহাওয়ার প্রধান উৎস। তাই সূর্যকে ভালোভাবে বোঝা গেলে ভবিষ্যতে মহাকাশ আবহাওয়ার প্রভাব আগাম পূর্বাভাস দেওয়া সহজ হবে।

তার মতে, সূর্যের ক্ষুদ্রতম স্তর পর্যন্ত কিভাবে কাজ করে, তা বুঝতে পারলেই মহাকাশ আবহাওয়া সম্পর্কে নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। বিজ্ঞানীদের এই গবেষণা নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণাটি সম্ভব হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর দুরবিন ইনোউয়ে সোলার টেলিস্কোপের মাধ্যমে। হাওয়াইয়ের একটি উঁচু পাহাড়ে স্থাপিত এই দূরবীন ধুলাবালিমুক্ত পরিষ্কার আকাশের কারণে সূর্যের অত্যন্ত সূক্ষ্ম ছবি তুলতে সক্ষম। দুরবিনের সাহায্যে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠের ওপর জুম করে ঘূর্ণায়মান ছোট ছোট আবর্তের বিস্তারিত ছবি ধারণ করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরির (এনএসও) জ্যোতির্বিজ্ঞানী ড. ডেভিড কুরিডজে বিবিসি নিউজকে বলেন, ‘এই ঘূর্ণায়মান গতির ফলে চৌম্বকীয় শক্তি তৈরি হয়। পরে সেই শক্তি জমে বড় ধরনের সৌর বিস্ফোরণের কারণ হতে পারে।

’
বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠে যে ঘটনাটি শনাক্ত করেছেন, সেটির নাম ‘কেলভিন-হেলমহোল্টজ ইনিসস্ট্যাবিলিটি’।

এই ঘটনা ঘটে যখন দুটি উত্তপ্ত গ্যাসের স্তর ভিন্ন গতিতে একে অপরের পাশ দিয়ে প্রবাহিত হয়। এতে ছোট ছোট আলোড়ন তৈরি হয়ে ধীরে ধীরে ঘূর্ণায়মান আবর্তে পরিণত হয়। একই ধরনের প্রক্রিয়ায় সমুদ্রের ছোট ঢেউও বড় ও শক্তিশালী তরঙ্গে রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরির (এনএসও) গবেষক ড. ফ্রেডরিখ ওয়েগার বলেন, সূর্যের পৃষ্ঠে এই ঘটনার সন্ধান শুধু মহাকাশ আবহাওয়া কীভাবে তৈরি হয়, তা বোঝার ক্ষেত্রেই নয়, সূর্যের বাইরের স্তর এত বেশি উত্তপ্ত কেন, সেই প্রশ্নেরও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিতে পারে।

গবেষক ড. ফ্রেডরিখ ওয়েগার বলেন, এই আবিষ্কার দেখায় কীভাবে সূর্যের ভেতরের শক্তি ধীরে ধীরে ওপরের স্তরে পৌঁছে যায়। তার ভাষায়, ‘সূর্যের ওপরের স্তরে পর্যাপ্ত শক্তি জমা হলে তা হঠাৎ করে সৌর শিখা (সোলার ফ্লেয়ার) বা করোনাল মাস ইজেকশন আকারে মহাকাশে ছড়িয়ে পড়তে পারে।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরির (এনএসও) বিজ্ঞানী ডেভিড ববোল্টজ বলেন, মহাকাশের আবহাওয়া সম্পর্কে আরো ভালোভাবে জানা এবং এর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এ ধরনের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, সূর্য বিজ্ঞানীদের জন্য একটি অনন্য গবেষণাগার।

তিনি বলেন, ‘সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। এটি পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক নিয়ম বুঝতে সাহায্য করে।’ ববোল্টজ আরো জানান, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রথম পরীক্ষামূলক প্রমাণও সূর্যগ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া গিয়েছিল। তার মতে, মানব জ্ঞানের বিকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য এ ধরনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।