সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরো ৩ জন। সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা চলমান থাকায় সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এই অঞ্চলটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৫ জন মারা গেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এসব হামলায় অন্তত ৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছে।
এদিকে ইসরায়েলি শহরগুলোতে ‘রকেট হামলা’ চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং লেবাননের ‘দক্ষিণের গ্রামগুলোতে বারবার হামলা’ চালানোর জবাবে তারা উত্তর ইসরায়েলে ‘রকেট হামলা’ চালিয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা সোমবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং রাত ২টা ৪৫ মিনিটে রকেট হামলা চালিয়েছে।
এর আগে গোষ্ঠীটি জানিয়েছিল যে তারা গত এক দিনে উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, ঘাঁটি ও অবকাঠামোতে ৪৩টি হামলা চালিয়েছে। দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।
আলজাজিরা আরেক প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। আরুৎজ শেভা মিডিয়া নেটওয়ার্কের তথ্য মতে, দক্ষিণ লেবাননে রকেট হামলায় একটি অভিজাত প্যারাট্রুপার ডিভিশনের দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আরুৎজ শেভা জানিয়েছে, স্প্লিন্টারের আঘাতে আহত সৈন্যদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।









