ভ্রাম্যমান প্রতিনিধি:
র্যাব গোয়েন্দা প্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদকে দেখতে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আহত এ সেনা সদস্যের চিকিৎসার খোঁজখবর নিয়ে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান তথ্যমন্ত্রী।
এ সময় মাউন্ট এলিজাবেথের কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর নাজিম উদ-দৌলা, আজাদের সঙ্গে আসা তার সহকর্মী লে. কর্ণেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গত ১৫ মার্চ নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে তথ্যমন্ত্রীর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নতর চিকিৎসার জন্য রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামের ওই ভবনটি গত ২৩ মার্চ রাত থেকে ঘিরে রেখেছিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শনিবার (২৫ মার্চ) সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। দুপুর নাগাদ ওই বাড়িতে জিম্মি হয়ে থাকা ২৮ পরিবারের ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। তবে রাতে
অভিযানস্থলের বাইরে ৩০০ গজ উত্তরের রাস্তায় দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।
স/অ










