সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২৫৬ মিনিট পড়া
রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের লক্ষ্যে গত ২৫ আগস্ট কক্সবাজারে একটি বহুপক্ষীয় সম্মেলন হয়েছে। সম্মেলনটি অনুষ্ঠানের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সংকটকে উপস্থাপন করা। সেই প্রয়োজন বাংলাদেশের জনগণ উপলব্ধি করেছে এবং ড. ইউনূসও যে সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে তৎপর, তা-ও আমরা লক্ষ করেছি।

২০১৭ সালে রোহিঙ্গাদের যে ঢল নামে বাংলাদেশের কক্সবাজার সীমান্তে, তাকে ফেরানোর চেয়ে রোহিঙ্গাদের বাঁচাতে মানবিক দিক বিবেচনা করেই আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

সেই আশ্রিতাদের নতুন ঢল না নামলেও আজও কোনো কোনো সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। এর মধ্যে আবার ভারত কিছু রোহিঙ্গাকে পুশ ইন করেছে আমাদের দেশে। ভারত কেন রোহিঙ্গাদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে? ফলে আমরা, আমাদের এই বিপুল জনসংখ্যা অধ্যুষিত দেশের জন্য মাত্রাতিরিক্ত বার্ডেন বা ভার হয়ে পড়েছে রোহিঙ্গারা। আমাদের দেশটি ছোট, সম্পদ সীমিত, আমরা মানবিক দৃষ্টি দিয়ে আর কতকাল রোহিঙ্গাদের আশ্রিত রাখব? আবার আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশ রোহিঙ্গাদের জন্য সহায়তা কমিয়ে দিয়েছে।

এতে আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর সঙ্গে রোহিঙ্গাদের অনেকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে। দেশের যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।
গোটা পরিস্থিতি যে জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে, তা অনুমান করা কষ্টকর নয়। কিন্তু করণীয় কী?
২.

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনএখন এবারকার সম্মেলনের ব্যাপারে আসা যাক। সম্মেলনের শিরোনাম ছিল ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ : টেকওয়েজ টু দ্য হাইলেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’। তিন দিনের এই সম্মেলনের অংশীজনরা কথা বলেছেন কিভাবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন করা যায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাত দফা প্রত্যাবাসন পয়েন্ট উপস্থাপন করেছেন।

তিনি বলেছেন, রোহিঙ্গা ক্রাইসিস সমাধানের দায়িত্ব কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও। তাদের এই দায়িত্ব নিতে হবে।
বাংলাদেশ একা এই বোঝা বহন করবে কেন? যারা এই বোঝা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, সেই মায়ানমারের জান্তা সরকারকে তাদের জনগণকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে, না নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হবে তাদের ওপর রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করা; কার্যকরভাবে সেই চাপ প্রয়োগ করা। বিশেষ করে এই সমস্যা সমাধানে ভালো ভূমিকা নিতে পারে চীন ও ভারত। তারা মায়ানমারের প্রতিবেশী এবং বড় ও শক্তিশালী দেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় স্টেকহোল্ডার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং গোটা ইউরোপ। রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লিখিত দেশগুলোর ভূমিকা ছাড়া এর সত্যিকার স্থায়ী ও মানবিক রাখাইন প্রদেশ নির্মাণ করা যাবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যে মায়ানমারের মুসলিম ধর্মীয় এথনিক গোষ্ঠী, তা মানতে হবে। তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, সার্বিক অধিকার কায়েমের কোনো বিকল্প নেই।

অস্ত্রের জোরে অনেক অন্যায় করা যায়, তাতে সত্য লুকানো যায় না। শত শত বছর ধরে রোসাঙ্গ (আজকের রাখাইন প্রদেশ) ওই মুসলিম জনগোষ্ঠীর মাতৃভূমি। তাদের জোরপূর্বক শিকড়চ্যুত করার পেছনে যে রাজনৈতিক হিংস্রতা আছে, বুদ্ধিস্ট মায়ানমারকে সেই মনোভঙ্গি পরিত্যাগ করতে হবে। ফিরে আসতে হবে বাস্তবে, সত্যে। আর সেটি জাতিসংঘের মাধ্যমেই হতে হবে, এটিই ভালো ও সুন্দর সমাধানের পথ। অধ্যাপক ইউনূস যে সাতটি পয়েন্ট উপস্থাপন করেছেন, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই কেবল নয়, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে পুনর্বাসনের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে মায়ানমারকেই।

৩.

তিন দিনের এই কনফারেন্সের একটি দিন ছিল আন্তর্জাতিক ও দেশীয় বুদ্ধিজীবীদের জন্য। তাঁরা এই ক্রাইসিস সমাধানে তাঁদের মত প্রকাশ করেছেন। পথ দেখিয়েছেন যে কারা এই সংকট থেকে বাংলাদেশকে সাহায্য করতে পারে।

জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার টম আড্রে স্থায়ী সমাধানের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেছেন মায়ানমারে অস্ত্র বিক্রিকে। ইনভিজিবল ক্রাইসিসের ভেতরে বাস করছে আরেকটি ইনভিজিবল ক্রাইসিস বলে মন্তব্য করেছেন টম আড্রে। অচিহ্নিত ও অচেনা অস্তিত্বের যে কথা তিনি উল্লেখ করেছেন, তা যে রূপকার্থে তিনি বলেছেন, তা বোঝা যায়। তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের কথা বলেননি, কিন্তু ইঙ্গিতটা যায় সেদিকেই। এই তিনটি রাষ্ট্র অস্ত্র উৎপাদক দেশ। এরা ছাড়াও আছে ইউরোপীয় দেশগুলো। ওই সব দেশের অস্ত্রের জোরেই যে মায়ানমারের সামরিক সরকার মুসলিম এথনিকদের উত্খাত করছে এবং ওই সব অস্ত্র আরাকান আর্মিসহ অনেক মুক্তিকামী উপজাতির বিরুদ্ধে ব্যবহার করছে, এই সত্য তো সহজেই বোঝা যায়।

বিশেষজ্ঞ পর্যায়ে স্টেকহোল্ডার বুদ্ধিজীবী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যাপক ড. ইশারফ হোসেন চিহ্নিত করেছেন চীনকেই। তিনি বলেছেন, চীন যদি রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে সক্রিয় হয়, তাহলে তাদের প্রত্যাবাসন সমস্যাটির সমাধান হবে।

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চীন এই সমস্যার রাজনৈতিক সমাধান করতে পারে। তবে তার জন্য চাই রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ বের করতে চীনের মননগত সদিচ্ছা। আমরা বলব না যে চীনের সদিচ্ছা নেই। তবে তাকে অ্যাক্টিভ করতে হবে মানবিক চিন্তা ও ভাবনার বাস্তবায়ন করার পদক্ষেপ থেকে। তারা স্বীকার করুন আর না-ই করুন, চীনা খুঁটির জোরেই মায়ানমার মুসলিম রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করতে উৎসাহ পায়। দ্বিতীয়ত, মানসিকভাবে চীন, মায়ানমার ও ভারত চায় বাংলাদেশকে সামাজিক ও রাজনৈতিক গ্যাঁড়াকলে ফেলে সুবিধা আদায় করে নিতে। তৃতীয়ত, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বাংলাদেশ কেবল উন্নত উর্বর ভূমির অধিকারী নয়, স্ট্র্যাটেজিক কারণেও বিশ্বের ক্ষমতাবানদের দৃষ্টি এখানে নিবদ্ধ। সামরিক দিক থেকে বলীয়ান দেশগুলোর পৃথিবীর ভূমি ও খনিজ সম্পদের প্রতি যে লোভ, তার কারণেই আসল বিরোধ। এই বিরোধের কেন্দ্রে পড়েছে বাংলাদেশ আজ।

রোহিঙ্গা প্রতিনিধি কিন মঙ আবেদন জানিয়ে বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমরা বেশিদিন বাঁচতে পারব না। আমরা চাই ফিরে যেতে আমাদের জন্মভূমিতে। তবে সেই জন্মগত অধিকার, ডিগনিটি এবং জাস্টিস দিলেই কেবল ফিরে যেতে পারব।’ গণহত্যার বিষয়ে অবশ্যই মায়ানমারের জান্তাকে জবাবদিহি করতে হবে। তাঁর এই আবেদন তো ইউনিভার্সাল। কারণ পৃথিবীর মানবিক মানুষ কোনো রকম যুদ্ধ, হানাহানি, এথনিক ক্লিনজিং নামক হত্যাযজ্ঞ চায় না। কিন্তু অস্ত্র উৎপাদক আর পরাশক্তি কি সেই মনোভাব পোষণ করে? করে না বলেই গাজা শহর ধ্বংস করছে জায়নবাদী ইহুদি সরকার। আর তাদেরই পেছনে প্রকাশ্যে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র।

আমরা যেমন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটি বাস্তব ও কার্যকর রোডম্যাপ চাই, যে কথা ড. ইশারফ হোসেন বলেছেন, বলেছেন অপরাপর আন্তর্জাতিক স্টেকহোল্ডার, তেমনি আমরাও চাই নাগরিক অধিকার নিয়ে নিরাপত্তাসহ খাদ্য, বস্ত্র, শিক্ষা ও সার্বিক অধিকারভুক্ত হোক রোহিঙ্গাদের সামাজিক জীবনযাপন। জান্তা সরকারকে এটি চিরদিনের জন্য মানতে হবে। তবে চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে নিজেদের পরিকল্পনাজাত নকশা পাল্টাতে হবে। অস্ত্র বিক্রি, অস্ত্র চোরাচালানের মাধ্যমে তৃতীয় দেশের সহযোগিতায় তা মায়ানমারে পাঠানোর তরিকা বন্ধ করতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে কেন দেরি হচ্ছে, কেন দাতারা আর্থিক সাহায্য ও সহযোগিতা কমিয়ে দিচ্ছে, কেন অস্ত্রসহ নানা দিক থেকে দ্বিমতের তীরগুলো ছুটে আসছে বাংলাদেশের দিকে, তার ওপরকাঠামো এবং তলকাঠামো আমরা বুঝতে পারি, কিন্তু এর সমাধান নিজেরা করতে পারি না। এ ব্যাপারে জাতিসংঘ সাধারণ পরিষদ যেমন ভূমিকা রাখতে পারে, তেমনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাও ভূমিকা রাখতে পারে। জাতিসংঘেই আঁকা হোক রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের রোডম্যাপটি, এটিই আমরা চাই।

লেখক : সিনিয়র সাংবাদিক ও কবি