নিজস্ব প্রতিবেদক :
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার থেকে শুরু হওয়া এ মেলায় ৭টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সাতটি দল।
শিক্ষার্থীদের উৎসাহ দিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় তিনি রুয়েট শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজ নেন।

আয়োজকেরা জানান, দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাজারজাতকরণের সঙ্গে সম্পৃক্ত করাই এ মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
এবারের মেলায় রুয়েটের শিক্ষার্থীদের সাতটি দল ৬৮ ও ৬৯ নম্বর দুটি স্টলে উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করছে। দলগুলোর তত্ত্বাবধানে রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।
মেলায় রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্পের নমুনা এবং পোস্টার প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থী, গবেষক, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনেরা এসব উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় পর্যায়ের এ আয়োজনে রুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে শিল্প ও বিনিয়োগ খাতের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প-একাডেমিয়া সংযোগ আরও জোরদার হবে।
তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি মেলায় বিভিন্ন অধিবেশন, গোলটেবিল বৈঠক ও সংলাপ অনুষ্ঠিত হবে।









