শফিক আজম, কনসার্ট অনুষ্ঠান থেকে:
রাজশাহী নগরীর তেরখাদিয়ায় অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামটি দুপুর গড়াতে না গড়াতেই কানায় কানায় ভরে যায় হলুদ আর কালো জার্সি গায়ে জড়ানো দর্শনার্থীদের ভীড়ে।
বিশেষ করে রাজশাহী কিংসের আয়োজনে মেগা কনাসর্ট দেখতে তরুণ-তরুণীদের ভীড় রয়েছে চোখে পড়ার মতো।

- জানতে চাইলে কলেজ ছাত্রী সুমাইয়া ইয়াসমিন সিল্কসিটি নিউজকে বলেন, অনেক দিন পরে রাজশাহীতে কনসার্টের আয়োজন হচ্ছে। তাই অনেক ভাল লাগছে আজ এখানে উপস্থিত হতে পেরে। আমদের অনেক আশা রাজশাহীকে নিয়ে যেন, তারা ফাইনাল খেলে আমাদের জন্য কাপ নিয়ে আসবে। এবারে কাপ আমাদেরই হবে।
খাদিজাতুল কোবরা বলেন, আমরা অনেক খুশি অবশেষ রাজশাহী বিপিএল এ খেলছে। প্রথমে খুব খারাপ লাগছিল ছিটকে পড়বে কিন্তু এখনকার অনুভুতি বলার মত না। আর টিমে সাব্বির কে রাখায় আরো খুশি হয়েছি।
রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলি বলেন, রাজশাহী সব সময় সেরা। আমরা সেরা আর সেরাটাই দেখাবে রাজশাহী কিংস। আশা করছি পরের বার আমরা রাজশাহীতে ভেন্যু পাব।
এই কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে জনপ্রিয় শিল্পী আইউব বাচ্চু (এলআরবি), মমতাজ, নেমেসিস, রিংকুসহ আরো অনেকে। কনসার্টে অংশগ্রহণের জন্য রাজশাহী কিংসের একটি করে জার্সি ২০০ টাকা দিয়ে কিনলেই প্রবেশ টিকেট ফ্রি পাওয়া যায়। সঙ্গে জার্সিটিও।
শনিবার বিকেল চারটার দিকে কনসার্টে গান গাইতে শুরু করবেন বিভিন্ন শিল্পীরা। আর তাতে মেতে উঠতে শুরু করবেন আগত দর্শনার্থীরা।

অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন সুবর্ণা নাওদি ও দেবাশীষ বিশ্বাস এই দুইজন ।
আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল’র চতুর্থ আসর। আর এই আসরে আপাতত সেমিফাইনালকেই টার্গেট করেছেন রাজশাহী কিংসের হেড কোচ সারোয়ার ইমরান।
স/আর










