নিজস্ব প্রতিবেদক:
আগামী বছর থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। নিয়মিত কর প্রদানকারীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।মানচিত্র দেখুন
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, নিয়মিত কর প্রদানকারীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার অংশ হিসেবে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাসিক প্রশাসক আরও বলেন, নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।
সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ সময় রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









