সদ্য প্রকাশিত
কৃষি

মুখরোচক বাহারি লটকন

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫৩ মিনিট পড়া
মুখরোচক বাহারি লটকন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্ষা মৌসুমে লটকন ফল ঘিরে নরসিংদী জেলার গ্রামগুলোতে উৎসব-আনন্দ ছড়িয়ে পড়ে। আম বা লিচুর মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ বা দিনাজপুরের গ্রামগুলো যেমন বিপুল কর্মযজ্ঞে মেতে ওঠে, ঠিক তেমন। দুই দশক আগেও এই ফলের তেমন কদর ছিল না। স্বল্প পরিমাণ ফল বাজারে বিক্রি হতে দেখা যেত।

ক্রেতাও খুব বেশি ছিল না। বর্তমানে এই ফলের বাজার বেশ চাঙ্গা। সেখানকার গ্রামগুলো লটকনগাছে সুসজ্জিত হয়ে উঠেছে। গ্রামের পর গ্রামজুড়ে শুধু লটকন ফলের বাগান।

শুধু আমাদের দেশেই নয়, থাইল্যান্ড, কম্পুচিয়া, মায়ানমার ও ভারতেও (আসাম) এ ফল মোটামুটি সমাদৃত।
গত দুই দশকে ফলের মৌসুমে অন্তত চারবার যাওয়া হয় সেখানে। নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বরসহ বেশ কয়েকটি গ্রাম মূলত এই ফল উৎসবের প্রাণকেন্দ্র। সেখানে গ্রামের পর গ্রামজুড়ে ছড়িয়ে থাকা সুদৃশ্য ফলভর্তি লটকনের গাছগুলো দেখতে বেশ আকর্ষণীয়।

গাছের নিচ থেকে কাণ্ড ও ডালপালা পর্যন্ত বিস্তৃত ফলগুলো অভাবনীয় এক দৃশ্য রচনা করে। লটকনের এমন সৌন্দর্য উপভোগ করতে এখানে ফলের মৌসুমে অনেকেই আসেন।
এ বছর জুলাই-আগস্ট মাসে লটকনের ভরা মৌসুমে দুবার যাওয়া হয় মরজাল, উয়ারী-বটেশ্বর ও লাখপুরে। ২০০৮ সালে নিসর্গী, লেখক ও গবেষক ড. নওয়াজেশ আহমদের সঙ্গে প্রথম গিয়েছিলাম সেখানে। তখন আমরা এক হাজার ৪০০ গাছের একটি বড় বাগানে ঢুকে বিস্মিত হয়েছিলাম।

গাছের শাখা থেকে শুরু করে একেবারে কাণ্ড অবধি শুধু ফল আর ফল। একেকটি গাছে এত ফল! গায়ে গা লাগানো ফলের ফাঁক গলে সুই ঢোকানোরও পথ নেই। স্থানীয়রা জানিয়েছিল—বাগানে ফাল্গুন-চৈত্রে সেচ দিতে হয়। মুকুল ও গুটির সময় ছত্রাকনাশক ওষুধ দিলে ফলনের জন্য ভালো। ড. নওয়াজেশ আহমদ তখন লটকনের চাষপদ্ধতি নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি এই ফলের আরো উন্নত জাত আবিষ্কারের জন্য গবেষণা শুরু করেছিলেন। পাশাপাশি ফলন কিভাবে আরো বাড়ানো যায় সে সম্পর্কে নতুন নতুন উপায় উদ্ভাবনের জন্য কাজ করেছিলেন। তিনি মনে করতেন, ভালো ফলনের জন্য স্ত্রী গাছের পাশাপাশি বাগানে পুরুষ গাছও থাকা প্রয়োজন। এ ছাড়া একই গাছে যদি পুরুষ ফুল ও স্ত্রী ফুল করা সম্ভব হয় তাহলে ফলনের ক্ষেত্রে বড় ধরনের সফলতা আসতে পারে।
লটকন ফল নিয়ে দীর্ঘদিন ধরে বেশ কজন কৃষি গবেষণাবিদ উচ্চতর গবেষণা করছেন। তাঁরা এই গাছের উপযোগী সার ও অন্যান্য ও অন্যান্য সম্ভাবনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপশি পরিপক্ব ফল দীর্ঘ সময় ধরে সংরক্ষণের উপায় নিয়েও তাঁদের গবেষণা চলমান রয়েছে।

অঞ্চলভেদে ফলটির অনেক নাম— লটকন (Baccaurea sapida), হাড়ফাটা, ভুবি, কানাইজু, লটকাউ, কিছুয়ান ইত্যাদি। শুধু নরসিংদীতেই নয়, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও লটকন চাষ হয়। গাছ ছয় থেকে আট মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা গাঢ় সবুজ, ডিম্বাকার। বসন্তে গাছজুড়ে সুদর্শন ফুল ফোটে। তখন পুরুষ ফুল আর স্ত্রী ফুলের তফাৎ বোঝা যায়। ফল সুগোল, বড় মার্বেল আকৃতির। কাঁচা ফল সবুজ, পাকলে গোলাপি হলুদ বা বাদামি রঙের। খোসা শক্ত, মসৃণ ও পুরু। ভেতরের খাদ্যাংশ বীজযুক্ত, রসালো ও কোয়ার মতো। বীজের চারপাশে লিচুর মতো শাঁস থাকে। সাদা শাঁসের স্বাদ মিষ্টি-টক ও মুখরোচক, লালচে শাঁস টক। প্রতিটি ফল ১২ থেকে ২০ গ্রাম পর্যন্ত ওজন হয়। লটকন রুচিবর্ধক। এতে আছে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ নানা ধরনের খাদ্যগুণ। মাত্র চারটি ফল আমাদের নিত্যদিনের ভিটামিন সির জোগান দিতে পারে। বৃহত্তর সিলেট অঞ্চলে কাঁচা ফলের ঝোল রান্না করে খাওয়ার প্রচলন রয়েছে। স্থানীয়ভাবে এই টক অনেকে পছন্দ করেন। গাছ ফলনশীল হতে বেশি সময় লাগে না। মাত্র চার-পাঁচ বছরের মধ্যেই ফল পাওয়া যায়। অপেক্ষাকৃত উঁচু জায়গা পছন্দ।