সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

মাঠে মাঠে চলছে ধান কাটা, দাম নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক১১ মে ২০২৬৩ মিনিট পড়া
মাঠে মাঠে চলছে ধান কাটা, দাম নিয়ে শঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্গা নিয়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পারইল কুদবীর এলাকার কৃষক পাত্রাস মার্ডী। প্রতিবিঘায় খরচ হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। ইতোমধ্যে দুই বিঘার ধান কেটে ৭৫ কেজির প্রতিবস্তা বিক্রি করেছেন ১৫০০ টাকায়। এতে বিঘাপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা লোকসান হয়েছে তার।

গত সপ্তাহের টানা বৃষ্টিতে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন দেশের অন্যান্য স্থানের মতো ফুলবাড়ীর কৃষকও। বৃষ্টি শেষে ঝকঝকে রোদ উঠলে পাকা ধান কাটতে মাঠে নামেন উপজেলার কৃষকরা। মাঠে ধান কাটতে কাটতে উল্লেখিত তথ্য জানান পাত্রাস মার্ডী নিজেই।

শুধু পাত্রাস মার্ডী নয়- পলিশিবনগর এলাকার কৃষক ইউসুফ আলী, বাসুদেবপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকসহ উপজেলার অনেক কৃষকের দাবি একই।

সরেজমিনে ফুলবাড়ীর বিভিন্ন কৃষিজমিতে গিয়ে দেখা যায়, চলতি ইরি-বোরো মৌসুমের পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাজারে ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মুখে হাসি নেই। জ্বালানি তেল, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ধান চাষে খরচ কয়েক গুণ বেড়েছে। অথচ বাজারে ধানের দাম কম থাকায় মৌসুমের শুরুতে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষিরা- এমন দাবি তাদের।

পলিশিবনগর এলাকার কৃষক ইউসুফ আলী জানান, তিনি ১১ বিঘা জমিতে ধান চাষ করেছেন। গত বছরের তুলনায় প্রতিবিঘায় তিন-চার মণ ধান কম উৎপাদিত হচ্ছে এবং দামও কম। এতে কৃষক ব্যাপক লোকসানে পড়েছে। তিনি ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

বাসুদেবপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, সাড়ে চার বিঘা জমিতে ধান চাষ করে প্রতিবিঘায় ৩৫ মণ করে চিকন ধান পেয়েছেন তিনি।

এলুয়াড়ী ইউনিয়নের ৯টি গ্রামে সম্প্রতি শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার, মামুন, হাসান আলী, আকতার তরফদার, আকবার আলীসহ অনেকের ভাষ্য, তারা পথে বসেছেন। জমিতে কোনো ধান নেই। বর্গা জমির টাকা,সার, তেল, কীটনাশকের টাকা ,মজুরির টাকা কীভাবে শোধ করবেন বুঝতে পারছেন না তারা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর ফুলবাড়ী উপজেলায় ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে জিরাশাইল, ব্রি ধান-২৯, ব্রি ধান-৯২, ব্রি ধান-৮৯, ব্রি ধান-১৬, বিনা ২৫, হাইব্রিডসহ বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৭৬০ মেট্রিক টন। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে।

কৃষি বিভাগের দাবি, এবার ফলন ভালো হয়েছে। তবে মাঠের কৃষকের দাবি, বৈরী আবহাওয়া, রোগবালাই ও অতিরিক্ত খরচের কারণে ফলন আশানুরূপ হয়নি। উপরন্তু বাজারে দাম কম থাকায় প্রতিবিঘায় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত লোকসান গুণতে হচ্ছে।

স্থানীয় ধান ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ চালকলের গুদামে আমদানি করা (এলসি) চালের মজুত থাকায় নতুন ধান কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না মালিকরা। ফলে বাজারে ধানের দাম বাড়ার সম্ভাবনাও আপাতত কম। বরং আবহাওয়া খারাপ হলে দাম আরো কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফুলবাড়ী উপজেলার সেনড়া এলাকার ধান ব্যবসায়ী সৈয়দ খাদেমুল ইসলাম বলেন, মোটা ধান ৭৫ কেজি ওজনের প্রতিবস্তা ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা, বিআর-২৮ জাতের প্রতিবস্তা ১৮৫০ টাকা থেকে ১৯০০ টাকা এবং ৯০ জিরা জাতের ধান ৩৫০০ টাকায় কেনা হচ্ছে। দাম কম হওয়া সম্পর্কে তিনি বলেন, মোকাম থেকে এর বেশি দামে ধান নিচ্ছে না বলেই ধানের দাম বাড়ছে না। তবে আবহাওয়া খারাপ হলে দাম আরো কমার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার প্রতিবিঘায় গড়ে ৩৪ থেকে ৩৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বোরো ধান কাটতে কৃষিশ্রমিকের পাশাপাশি হারবেস্টার মেশিন দিয়েও ধান কাটা ও মাড়াই চলছে। আকাশের অবস্থা ভালো না থাকায় কৃষকও দ্রুত ক্ষেতের ধান গোলায় তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে।