সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, সেটা তাদের পূর্ব ইতিহাস।
কিন্তু এ দেশের মানুষ তাদের সফল হতে দেবে না। এ দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করবে—সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক, ইনশাআল্লাহ।
তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যই আবারও আমরা গড়ে তুলব।
সেই শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী বাৎসরিক এই আয়োজনে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। দ্বিতীয় দিন শুক্রবার ছিল উপচেপড়া ভিড়।










