
মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে বহুল আলোচিত জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৬৫) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মোজাম আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বর সেমাবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সম্প্রতি উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের সানাউল্লার ছেলে। অভিযুক্ত মোজাম একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। গত ১১ নভেম্বর নিহতের ছেলে সুমন বাদী হয়ে দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার এড়াতে আসামী মোজাম ফকিরের ছদ্মবেশ ধারন করে ছিল। পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে প্রধান অভিযুক্ত। অপর আসামী পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।









