জাতীয়

ভ্যাপসা গরম চলবে কত দিন? জানাল অধিদপ্তর

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েক দিনের টানা বৃষ্টির পর গত দুই-তিনদিনে এলাকাভেদে তাপমাত্রা বেড়ে গেছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের প্রবণতা কমে এবং বাতাসে আর্দ্রতার আধিক্যে সারা দেশে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক দিকে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে।
শনিবারও আগের দিনের মতো দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিহীন থাকায় কোথাও কোথাও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২-৩ ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে।

 

আবহাওয়া দপ্তর বলছে, এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তবে আগামীকাল কিংবা সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ বেশি হলে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। তাতে ২৪ থেকে ২৫ আগস্ট দুই দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে পারে। তবে সেটা পরিমাণে খুব বেশি নয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের কয়েকদিনের তুলনায় শনিবারও সারা দেশে তাপমাত্রা বেড়েছে। তাতে চুয়াডাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়; যা আগের দুই দিনের তুলনায় উভয় তাপমাত্রা বেড়েছে।

 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমে সারা দেশের তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী; সেইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দেশজুড়ে তাপমাত্রার চেয়ে বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সোমবারের মধ্যে নতুন লঘুচাপ হলে তাতে ২৪ থেকে ২৫ আগস্ট দুই দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে পারে।

ওই সময় ওইসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই; ফলে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকতে পারে। আজ শনিবার চট্টগ্রাম ও খুলনার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা পরিমাণে খুব কম।
এর আগে গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে দেশের অধিকাংশ এলাকা বৃষ্টিহীন এবং কোথাও কোথাও বৃষ্টি ছিল সামান্য। ওইদিন বগুড়ায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।

এদিকে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ বা ২৭ আগস্টের দিকে এ ধরনের একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই এর গতিপথ, শক্তি বা বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিশ্চিত করে বলা যাচ্ছে না।