কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁর রাণীনগরে সেচ ভূর্তুকি সুবিধার আওতায় গভীর নূলকূপের বিদ্যুৎ দিয়ে ইট ভাটায় বাণিজ্যিক চুক্তিতে পানি সরবারহ, একই স্থানে অটো চার্জিং স্টেশন, সেচ কমিটি কর্তৃক নির্ধারিত সেচ মূল্যের চাইতে কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরৎ এবং জিম্মীদশা থেকে গভীর নূলকূপ উদ্ধার করে সমিতির নিকট হস্তান্তরের দাবিতে উপজেলা সেচ কমিটি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমনু গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো: আসমাইল হোসেন এর বিরুদ্ধে গত বৃহস্পতিবার এই লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের চকমনু মৌজায় কৃষক সমবায় সমিতির মাধ্যমে প্রায় ৩৫/৪০ বছর আগে স্থাপিত গভীর নূলকূপের আওতায় প্রায় ২ শ’ বিঘা ফসলী জমি রয়েছে।

নূলকূপ স্থাপনকাল থেকে অত্র মাঠের কৃষকগণ ঘন্টা পিটিয়ে যৌথ ভাবে বৈঠক করে সর্বসম্মতিক্রমে পানির মূল্য নির্ধারণ করে সেচ কার্যক্রম পরিচালনা করত।
গত প্রায় ২০/২৫ বছর আগে চকমনু গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো: আসমাইল হোসেন হঠাৎ করে গভীর নূলকূপটি কৌশলে তার নিয়ন্ত্রণে নেয় এবং কৃষকদের মাঝে প্রচারনা করেন, তিনি এই নূলকূপটি ক্রয় করেছেন। এবিষয়ে ওই নূলকূপের আওতাভুক্ত চাষিরা প্রতিবাদ ও কার কাছ থেকে কিভাবে কিনেছে তা জানতে চাইলে অদ্যবদি পর্যন্ত তিনি ক্রয়-বিক্রয়ের বিষয়টি কাউকে জানায়নি। নূলকূপটি তার নিয়ন্ত্রণে যাওয়ার পর কৃষকদেরকে জিম্মি করে তার ইচ্ছে স্বাধীন মত সেচ মূল্য নির্ধারণ করে পরিচালনা করে আসছে।
তার নিয়ন্ত্রণে থাকা এই নূলকূপ দিয়ে ফসলী জমিতে সেচ প্রদান ছাড়াও দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নূলকূপ সংলগ্ন ইট ভাটায় গোপনে বাণিজ্যিক চুক্তিতে পানি সরবারহ করছেন। চলতি ইরি-বোরো মৌসুম শুরুতে সেচ মূল্য নির্ধারণ না হওয়ার সুযোগে ওই নূলকূপের তথাকথিত মালিক বিঘা প্রতি ২ হাজার টাকা করে কৃষকের কাছ থেকে নেওয়ার ঘোষনা দেয়। কিন্তু গত ৬ ফেব্রুয়ারী চাষিরা জানতে পারে উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে ইউনিয়ন ওয়ারী সেচ মূল্য নির্ধারণ, এলাকা জুরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
কাশিমপুর ইউনিয়নের জন্য সর্ব্বোচ সেচ মূল্য করা হয়েছে ১৪ শ’ টাকা। সেই হিসাবে নূলকূপের মালিক বিঘা প্রতি অতিরিক্ত ৬ শ’ টাকার ঘোষনা দিয়েছে। ইতিমধ্যেই যে সব কৃষকের কাছ থেকে আগাম সেচ বাবদ টাকা নেওয়া হয়েছে তাদেরকে অতিরিক্ত টাকা ফেরতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নূলকূপটি জিম্মীদশা থেকে কৃষকের স্বার্থে উদ্ধার করে নতুন সমিতি গঠন অথবা সমিতি পুন:গঠন করে সুষ্ঠ ভাবে নূলকূপ পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগে দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এছাড়াও অভিযোগে উল্লেখ রয়েছে, গত ৩ বছর আগে নূলকূপের সাথে অর্থাৎ একই স্থানে বড় গুদাম ঘর নিমার্ণ করে অবৈধ ভাবে ব্যাটারী চার্জিং ষ্টেশন গড়ে তোলেন। তার নূলকূপে সেচ সুবিধার আওতায় পল্লী বিদ্যুৎ সংযোগ এবং অটো চার্জিং এর ক্ষেত্রে পিডিবি সংযোগও নিয়েছেন তিনি। নূলকূপ ও গুদাম ঘর একই প্রাচীরের মধ্যে হওয়ায় কোন সংযোগ দিয়ে কোন ব্যবসা করছেন তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে!
তবে প্রশ্ন যাই হোক একই স্থানে দুই সংস্থার বিদ্যুৎ সংযোগ নিয়ে অবাধে নানামুখি ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৭ টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সাহেবউল্লাহ শাহ’র ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) অটো চার্জার নেওয়ার জন্য ওই নূলকূপের গুদাম ঘরে গেলে তিনি বিদ্যুৎ স্পর্শে মারা যান।
এ মৃত্যুর ঘটনাটি নিয়ে বিভিন্ন পত্রিকায় খবরও প্রকাশিত হয়। তবে কোন সংযোগের স্পর্শে ওই অটো চালকের মৃত্যু হয়েছে এনিয়ে দায় এড়াতে দুই দপ্তরের কর্তা ব্যক্তিরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এই গভীর নূলকূপটিতে সেচ সুবিধার আওতায় পল্লী বিদ্যুৎ সংযোগ এবং একই স্থানে পিডিবি’র সংযোগ নেওয়ার কারণে কখন কোন সংযোগ দিয়ে কোন কাজ করা হয় তা সাধারণ মানুষের জানার বাহিরে। রাণীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আসাদুজ্জামান বলছেন, আমার সংযোগের আওতায় ওই নূলকূপের বিদ্যুৎ কোন প্রকার বাণিজ্যিক খাতে ব্যবহার করা হয় না। আর পল্লী বিদ্যুতের সংযোগ থেকে কারও মৃত্যু হয়নি। অপর দিকে
পিডিবি’র আবাসিক প্রকৌশলী সুব্রুত চক্রবর্তী বলেন, এবিষয়ে আমার কোন কিছু জানা নেই। তবে একই নূলকূপে দুইটি সংস্থার বিদ্যুৎ সংযোগ কেন? এমন প্রশ্নের কোন সদউত্তর দেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ।
এব্যাপারে ইট ভাটার ম্যানেজার মো: জসির উদ্দিন জানান, এই গভীর নূলকূপ থেকে প্রায় ২৫ বছর ধরে চুক্তি ভিত্তিক ইট ভাটার যাবতীয় কাজের জন্য আমরা পানি ব্যবহার করে আসছি।
স্থানীয় অটো চার্জার চালকরা জানান, পল্লী বিদ্যুৎ ও পিডিবি’র সংযোগ থাকার কারণে আমরা এখানে চার্জের ক্ষেত্রে ভাল সুবিধা পাই।
উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি মো: আল মামুন বলেন, এবিষয়ে ওই নূলকূপের আওতা ভুক্ত কৃষকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সেচ মূল্য প্রান্তিক পর্যায়ের কৃষকদের জানানোর লক্ষ্যে ৮টি ইউনিয়নে মাইকিং, মূল্য তালিকা সহ লিফলেট বিতরণ করা হয়েছে। আর অতিরিক্তি সেচ মূল্য ফেরতের ব্যাপারে কয়েক দিনের মধ্যে গভীর নূলকূপের অপারেটর ও মালিকদের সাথে বৈঠক করা হবে।










