ধর্ম

বৃষ্টি দিয়ে শুরু ঈদ

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার ঈদ। ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল কালো মেঘ। ভোর সাড়ে ৬টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু। যত সময় গিয়েছে বেড়েছে বৃষ্টির পরিমাণ।

 

আর বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত। সকাল ৮টায় শুরু হয় ওই জামাত। রাষ্ট্রপতি আবদুল হামিদ ওই জামাতে অংশ নেন। তাঁর পাশেই ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

 

বৃষ্টির মধ্যেই দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে চলে আসেন জাতীয় ঈদগাহে। নামাজ শেষের পর কোলাকুলির মাধ্যমে একে অপরের মঙ্গল কামনা করেন। তখনো আকাশ কালো। আর পড়ছে বৃষ্টি।

 

জাতীয় ঈদগাহের এ নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

 

এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

 

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকাল ৭টার পর বায়তুল মোকাররম মসজিদে আরো চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

প্রথম জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান, তৃতীয় জামাতে মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মা‘রূফ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান ইমামতি করবেন।

 

সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মুসল্লীদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র:এনটিভি