সিল্কসিটিনিউজ ডেস্ক :
বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রিতে শীর্ষে থাকা কম্পানি টেসলাকে পেছনে ফেলেছে চীনা কম্পানি বিওয়াইডি। চীনা কম্পানিটি গত বছর বিক্রি করেছে ২২ লাখ ৬০ হাজার গাড়ি। ২০২৪ সালের চেয়ে গত বছর তাদের বিক্রি বেড়েছে ২৮ শতাংশ। এর বিপরীতে মার্কিন ইভি কম্পানি টেসলার বিক্রি ছিল ১৬ লাখ ৪০ হাজার গাড়ি।
টেসলার তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে তাদের বিক্রি কমেছে ৯ শতাংশ। টেসলার ইতিহাসে এবারই প্রথম বিক্রি কমার হার সর্বোচ্চে দাঁড়িয়েছে। চীনে ইভি বিক্রির তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে টেসলা। বিশ্বে অঞ্চল ভেদে কী পরিমাণ ইভি বিক্রি হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি টেসলা।

তবে তাদের আয়ের অর্ধেকই আসে যুক্তরাষ্ট্র থেকে। ২০১১ সালে চীনা কম্পানি বিওয়াইডিকে প্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচনা করতে নারাজ ছিলেন ইলন মাস্ক। ১৪ বছর পর ইলন মাস্কের টেসলাকেই পেছনে ফেলল বিওয়াইডি। যদিও যুক্তরাষ্ট্রের মাটিতে ইভি বিক্রির অনুমতিও নেই তাদের।
তবে এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ভালো অবস্থানে আছে তারা। হাঙ্গেরি ও তুরস্কে কারখানা স্থাপন করতে যাচ্ছে বিওয়াইডি। গত বছর মোট বিক্রীত গাড়ির প্রায় অর্ধেকই বিদেশে বিক্রি হয়। চলতি বছর তারা ১৬ লাখ গাড়ি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চীনের অভ্যন্তরীণ বাজারে ৫০টি ইভি নির্মাতা কম্পানি আছে।
ফলে অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে বিওয়াইডিকে।
সূত্র : সিএনএন।










