সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাজারে সপ্তাহের ব্যবধানে ডিম ও মুরগির দামের উত্তাপ কিছুটা কমেছে। ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত কমে ১৫০ টাকায় নেমেছে।
একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। বাজারে বেশ কিছু সবজির দাম কিছুটা কমলেও সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে টমেটোর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে টমেটো। পাশাপাশি পেঁয়াজ ও রসুনের দামও কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা যায়, পটোল, ধুন্দল ও ঢেঁড়সের কেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৬০ টাকা ও পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো তুলনামূলকভাবে বেশি। বাজারে টমেটোর কেজি ২০০ টাকা, শিম ১৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং গাজর ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম জাতভেদে ৮০ থেকে ১২০ টাকা কেজি।

রাজধানীর বাড্ডা কাঁচাবাজারের ক্রেতা হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত সপ্তাহে ১৪০ টাকা দিয়ে যে টমেটো কিনেছি, সেটি এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।’ আমদানির অজুুহাত দিয়ে সিন্ডিকেট করে টমেটোর দাম বাড়ানো হচ্ছে বলে তাঁর অভিযোগ।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. সবুজ কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে গত কয়েক সপ্তাহের তুলনায় এখন সবজির দাম কিছুটা কম। এর মধ্যে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি ও বাঁধাকপি বাজারে চলে এসেছে। এতে সবজির দাম আরো কমতে পারে।
তবে সরবরাহ সংকটের কারণে টমেটোর দাম বাড়তি। ভালোমানের টমেটো প্রতি কেজি ২০০ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।’
এদিকে মুরগির বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা এবং জাতভেদে সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি। কয়েক দিন আগের তুলনায় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। ডিমের দামও কমেছে। বাজারে ফার্মের মুরগির ডিম প্রতিডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে।
তবে পেঁয়াজ ও রসুনের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। পেঁয়াজের দাম কেজিতে প্রায় পাঁচ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন কেজি ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানীকৃত রসুন ১৮০ টাকা কেজি। কয়েক দিনের ব্যবধানে রসুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা বাড়তি। অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে।’









