বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপি বাসন্তী পূজা শুরু আজ। রবিবার থেকে উপজেলার ৩টি বাসন্তী পূজা মন্দিরে অনুষ্ঠিত হবে এ পূজা।
বছর ঘুরে বাসন্তী পূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বাসন্তী পূজাকে কেন্দ্র করে পূজা মন্দির গুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এবার বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ বাসন্তী পূজা মন্দির, শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর বাসন্তী পূজা মন্দির ও গনিপুর ইউনয়িনের বুজরুককোলা বাসন্তী পূজা মন্দিরে অনুষ্ঠিত হবে বাসন্তী পূজা। রবিবার বাসন্তী পূজা শুরু হয়ে আগামী ৬ এপ্রিল বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে।

বুজরুককোলা বাসন্তী পূজা উদযাপন কমিটির সদস্য অজিত কুমার সরকার ও শীতেনন্দ্রনাথ প্রাং বলেন আমরা প্রায় ৪০ বছর ধরে বাসন্তী পূজা করে আসছি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ বলেন বাসন্তী পূজা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজার সময় যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইন শৃংখলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অনিল কুমার সরকার বলেন বাসন্তী পূজাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। ধর্ম যার যার উৎসব সবার তাই বাসন্তী পূজা যেন কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি না হয় সে কারনে সকলের সহযোগিতা কামনা করছেন।
এ ব্যাপারে বাগমারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন বাসন্তী পূজায় কেউ যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য সর্বদায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা টহল অভিযান পরিচালনা করবেন।
স/অ









