বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অবশেষে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। তবে উপজেলা খাদ্য গুদামের জন্য ৬০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ হওয়ায় তা পুরণ করতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন। শুক্রবার হতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার পর্যন্ত দু’দিনে ৪৮০ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের থেকে নেওয়ার প্রক্রিয়া হয়েছে। বাঁকি ১২০ টন ধান প্রক্রিয়া করতে ১ দিন সময় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ক্রয় কমিটি।
কৃষকরা যাতে কোনরকম ভোগান্তিতে না পড়েন এজন্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুল হায়াত, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মাদ আলীসহ ক্রয় কমিটির সদস্যদের নিয়ে সরাসরি তদারকির মাধ্যমে ধান ক্রয়ের প্রক্রিয়া কাজ চলছে বলে জানান ওসি এলএসডি মামুন ওর রশিদ।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার প্রধান ফসল বোরো মওসুমের ধান। ধানের দাম কম হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ জুটছে না। এমতাবস্থায় ধান নিযে কৃষকরা বিপাকে পড়েন। সরকারিভাবে ধান ক্রয়ের ব্যবস্থা থাকলেও তা নিতান্ত কম হবার কারণে ধান বিক্রিতে বেশি দাম পেতে কৃষকরা খাদ্য গুদামে ভিড় করছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক কৃষকদের নিকট সরাসরি ধান নেওয়ার প্রক্রিয়ায় উপস্থিত থেকে তা তদারকি করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মাদ আলীসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি চলছে। বাজার থেকে বেশী দামে সরকারি গুদামে ধান সংগ্রহে কৃষকদের ধান বিক্রির হিড়িক পড়েছে। প্রতি মণে ১ হাজার ৪০ টাকা দর শুনে কৃষকরা সেখানে হুমড়ি খেয়ে পড়েছেন। শুক্রবার থেকে তারা লাইনে দাঁড়িয়ে ধান বিক্রি শুরু করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম জানান, যাদের ধানে আদ্রতা ১৪ ভাগ বা তার নীচে শুধু তারা স্লিপের মাধ্যমে বিশ মণ করে ধান বিক্রি করতে পারবেন। ধানের মূল্য কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।
বালানগর গ্রামের কৃষক দুলাল হোসেন জানান, বাজারে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা ধানের দর। তাই তিনিসহ এলাকার অনেক কৃষক ধান বিক্রি করার জন্য সরকারি গুদামে এসেছে। কৃষকরা জানান, এখানে তাদের ধানের আদ্রতা পরীক্ষা করে ইউএনও ও তার প্রতিনিধিরা স্লিপ নিয়ে ধান নিচ্ছেন।
স/শা










