সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

বাগমারায় সরকারি দিঘি দখল করে মাছ চাষের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
বাগমারায় সরকারি দিঘি দখল করে মাছ চাষের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নে সরকারি দিঘি দখলে রেখে মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মোহাম্মদ হুজুর আলী ও সাধারণ সম্পাদক আসলামের বিরুদ্ধে। আট মাসের জন্য পাঁচ লাখ টাকায় দিঘিটি ইজারা দেওয়ার কথা থাকলেও চুক্তির টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না দিয়েই মাছ চাষ অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। পরিষদের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও দিঘির দখল ছাড়ছেন না তাঁরা।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত দুই নেতা রাজশাহী-৪ (বাগমারা) আসনের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমানের অনুসারী হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা। এমনকি উপজেলা প্রশাসনের কাছেও দিঘিটি উদ্ধারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এতে সরকারি সম্পত্তির দখল এবং রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর মারিয়া ইউনিয়নের যাত্রাগাছি দিঘিটি ইউনিয়ন পরিষদের সম্পত্তি। ২০২৪ সালের ৫ আগস্টের পর দিঘিটি ইউনিয়ন পরিষদের নামে মাছ চাষের আওতায় নেওয়া হয়। পরে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম আট মাসের জন্য পাঁচ লাখ টাকা চুক্তিতে দিঘিটি আসলামের কাছে ইজারা দেন বলে জানা গেছে। তবে ওই চুক্তির অর্থ ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপরও দিঘিটিতে মাছ চাষ অব্যাহত রয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অভিযোগ, ইজারার টাকা পরিশোধ এবং দিঘির দখল বুঝিয়ে দেওয়ার জন্য আসলামকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি টাকা জমা দিচ্ছেন না, দিঘির দখলও ছাড়ছেন না। দলীয় প্রভাব খাটিয়ে দিঘিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার অভিযোগও রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন চেয়ারম্যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “দিঘিটি যদি ইউনিয়ন পরিষদের সম্পত্তি হয়ে থাকে, তাহলে নিয়ম মেনেই ইজারা দেওয়া উচিত। কে কোন দলের, সেটি বিবেচ্য নয়। সরকারি সম্পত্তি থেকে আয় হলে সেই টাকা যথাযথভাবে পরিষদের কোষাগারে জমা হওয়া দরকার।”

আরেক বাসিন্দা বলেন, “দিঘির ইজারার টাকা দেওয়া হয়েছে কি না, চুক্তিতে কী শর্ত ছিল এবং দিঘির প্রকৃত আয়তন কত—এসব বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। প্রশাসন নথিপত্র যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিক।”

স্থানীয়দের মতে, সরকারি দিঘির দখল ও ইজারা নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে সরকারি সম্পত্তি থেকে প্রাপ্য রাজস্ব আদায় এবং দিঘিটি নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে মারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মোহাম্মদ হুজুর আলীর বক্তব্যও পাওয়া যায়নি।

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “এভাবে সরকার রাজস্ব হারাচ্ছে। প্রকাশ্য দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হলে সরকার রাজস্ব পাবে। আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করব। এরই মধ্যে দিঘি উদ্ধারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”