সদ্য প্রকাশিত
কৃষি

বর্ষা মৌসুমে স্তূপাকার পদ্ধতিতে শসা চাষ

নিউজ ডেস্ক৭ জুন ২০২৬২ মিনিট পড়া
বর্ষা মৌসুমে স্তূপাকার পদ্ধতিতে শসা চাষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সালাদ তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ শসা। অনেকের কাছে এ সবজি চৈত্রের খরতাপে ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের দারুণ টনিক হিসেবে কাজ করে।

বাজারেও সবজিটির ব্যাপক চাহিদা। ফলে কৃষকও এই সবজি চাষ করে লাভবান হচ্ছেন।
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার চরাঞ্চলের কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শসা চাষ।

রবিবার (৭ জুন) নান্দাইল উপজেলার খারুয়ার ইউনিয়নের আব্দুল্লাহপুর, মোয়াজ্জেমপুরের কাদিরপুর, বীর বেতাগৈর, চর বেতাগৈর ইউনিয়নের চরাঞ্চল ও ঈশ্বরগঞ্জ উপজেলার, মগটুলা, রাজীবপুর ইউনিয়নের কিছু গ্রাম ঘুরে শসা চাষের এই চিত্র চোখে পড়ে।

নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে কথা হয় মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কৃষক মো. আবুল হাসেমের সঙ্গে। তিনি জানান, প্রতি ১০ শতক (এক কাঠা) জমিতে শসা আবাদে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ পড়ে। ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফলন উঠতে শুরু করে। বিক্রি হয় ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকাররা এখানে এসে শসা কিনে নিয়ে যান। তিনি বলেন, পুরো মাস ধরে শসা বিক্রি করা হয়। তাই সবজিটি কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠছে।
সরেজমিনে আরো দেখা যায়, শসা বীজ লাগানো হয়েছে জমির সমতল মাটি থেকে প্রায় এক-দেড় ফুট উঁচুতে। এই উচ্চতা তৈরি করা হয়েছে জমির মাটি কেটে স্তূপ করে।

কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অসময়ে বৃষ্টি হলে বা বর্ষাকালে জমিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। এতে গোড়া পচে শসা গাছ মরে যায়। তাই মাটি কেটে স্তূপ করে এই উচ্চতা তৈরি করা হয়েছে। আবার খরতাপে মাটি শুকিয়ে গেলে জমে থাকা বা সেচের পানি কাজে লাগানো যায়।

কৃষক আবুল হাসেমের বোন হালিমা আক্তার (৪০) জানান, দিনে একবার হলেও তিনি জমি দেখতে আসেন। তার ভাই ৩০ শতক জমিতে শসা আবাদ করেছেন। গত বছর এই ক্ষেত থেকে এক লাখ ২০ হাজার টাকার শসা বিক্রি করা হয়েছিল।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা কালের কণ্ঠকে বলেন, চাষাবাদের ক্ষেত্রে কৃষকেরা অনেকটা কৌশলী হয়ে উঠছেন। তারা নিচু জমিতে ধান চাষের পাশপাশি মওসুমভিত্তিক সবজি আবাদ করে লাভবান হচ্ছেন। উৎপাদিত ফসল বিক্রির জন্য তারা ক্রেতাকে উৎপাদনস্থলে টেনে আনছেন। এতে বোঝা যায়, কৃষকরা নিত্যনতুন কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন।

কৃষি কর্মকর্তা আরো বলেন, নান্দাইলে ১০ হেক্টর জমিতে নিরাপদ সবজি আবাদের লক্ষ্য সেখানে এর প্রদর্শনী দেওয়া হয়েছে। তারা বেশ মনোযোগী হয়ে শসা চাষ করছেন। এতে ধানের চেয়ে লাভ হবে বেশি।