সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমরা যখন বজ্রপাতের সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় খুঁজি, তখন আমাদের অজান্তেই বনের গাছগুলো এক অদ্ভুত আলোক উৎসবে মেতে ওঠে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই রহস্যময় দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, বজ্রপাতের ঠিক আগে বা সেই সময়ে গাছের পাতার ডগা থেকে এক ধরণের হালকা নীলচে বা বেগুনি আভা বের হয়, যাকে বলা হয় ‘করোনা’। মানুষের চোখে এই আলো ধরা না পড়লেও মৌমাছি বা চিংড়ির মতো প্রাণীদের কাছে এটি দেখতে অনেকটা হাজার হাজার জোনাকির মেলা বসার মতো।
সম্প্রতি উত্তর ক্যারোলিনা ও ফ্লোরিডার বনে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই চমৎকার তথ্যটি সামনে এনেছেন।
বজ্রপাতের সময় মেঘে প্রচুর বিদ্যুৎ জমা হয়। এই বিদ্যুতের প্রভাবে মাটিতে থাকা গাছপালার ডগা দিয়ে হালকা বিদ্যুৎ ওপরের দিকে উঠতে থাকে। যখন এই বিদ্যুৎ পাতার সরু ডগা দিয়ে বের হয়, তখন বাতাসের সাথে ঘর্ষণে একটি নীলচে বা বেগুনি আভা তৈরি করে।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক প্যাট্রিক ম্যাকফারল্যান্ড এই গবেষণার জন্য নিজের গাড়িকে একটি চলন্ত ল্যাবরেটরিতে রূপান্তর করেছিলেন। গাড়ির ছাদে বড় গর্ত করে পেরিস্কোপ আর বিশেষ ক্যামেরা বসিয়ে তারা ঝড়ের মধ্যে বনের ভেতর ঘুরে বেড়িয়েছেন। শেষ পর্যন্ত তারা একটি গাছের ওপর অন্তত ৪১ বার এমন আলোর ঝলকানি রেকর্ড করতে পেরেছেন।
বিজ্ঞানীরা মনে করছেন, এই বৈদ্যুতিক আভা বা বিদ্যুৎ প্রবাহ গাছের কোষের ক্ষতি করতে পারে।
তবে যেহেতু বজ্রপাত বা এই করোনা সৃষ্টির ঘটনা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে চলছে, তাই গাছগুলো সম্ভবত এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। গবেষকরা এখন দেখতে চান, এই বিদ্যুৎ থেকে বাঁচতে গাছ নিজেদের ভেতরে কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে কি না।
সূত্র : আইএফএল সাইন্স










