সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফ্রান্সে ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন আজ। এই বৈঠকে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ থেকে সরে না যাওয়ার আহ্বান জানাবেন- জানায় রয়টার্স।
এই আলোচনায় কয়েক ডজন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। জাতিসংঘের সমর্থনে তৈরি ‘নিউ ইয়র্ক ঘোষণা’র এক বছর পূর্তি সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। ওই ঘোষণায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা তুলে ধরা হয়েছিল। এরপর ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্যসহ প্রায় এক ডজন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, বর্তমান পরিস্থিতির কারণে এই সম্মেলন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষায়, অঞ্চলে এখনও সংঘাত চলছে। বেসামরিক মানুষ মারা যাচ্ছে। সহিংসতার চক্রও অব্যাহত আছে।
একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টাও থেমে আছে।
বৈঠক শেষে একটি আট দফার ‘কর্মসূচির আহ্বান’ প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ঘোষণায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হবে। পাশাপাশি ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান থাকবে। এছাড়া গাজার পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার এবং নাগরিক সমাজের জন্য আন্তর্জাতিক সহায়তা আরো জোরদার করার বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে।
এই পরিকল্পনা পরবর্তীতে জি-সেভেন নেতাদের কাছে উপস্থাপন করা হবে। তারা আগামী সোমবার থেকে ফ্রান্সের আল্পস অঞ্চলে বৈঠকে বসবেন।










