সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ ভোটার জালভোট দিয়েছিলেন বলে যে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা ‘গবেষণা ও প্রমাণে’র ভিত্তিতেই করেছিলেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। তবে সাংবাদিকদের সামনে তিনি এ সংক্রান্ত কোনও তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি। বুধবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছিল। এ কারণেই তিনি পপুলার ভোটে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারির কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু তার এই ভোট জালিয়াতির দাবি সবাই প্রত্যাখ্যান করেছেন। এবারে ট্রাম্পের ওই দাবির ভিত্তি রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার।

স্পাইসার সাংবাদিকদের বলেন, ‘ভোট জালিয়াতি নিয়ে তিনি তার বিশ্বাসে অটল রয়েছেন, যার পেছনে রয়েছে গবেষণা ও ভিত্তি।’
মার্কিন স্থানীয় সময় সোমবার রাতে কংগ্রেস নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ থেকে ৫০ লাখ অভিবাসী ভোট দিয়েছে, যাদের বৈধ কাগজপত্র নেই। তার এমন বক্তব্যের পরই স্পাইসার সাংবাদিকদের এ কথা বলেছেন। কংগ্রেসের কাছে ট্রাম্পের ওই বক্তব্যের পর অবশ্য রিপাবলিকান নেতারা ট্রাম্পকে এ ধরনের দাবি থেকে সরে আসার কথা বলেছিলেন।
এর মধ্যে ট্রাম্পের ভোট জালিয়াতি সম্পর্কিত মন্তব্য ‘যথার্থ’ নয় বলে দাবি করে সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘প্রতারণা ও জালিয়াতি না করলে তাকে পপুলার ভোটেও হারানো যেত না, এমন স্থির ধারণাতে প্রেসিডেন্ট আটকে রয়েছেন বলে মনে হচ্ছে। আমি তাকে আহ্বান জানাই এমন অবস্থান থেকে সরে আসার।’
হাউজ স্পিকার পল রায়ানও বলেছেন, ট্রাম্পের এমন দাবির সমর্থনে কোনও প্রমাণ নেই। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘ওই দাবির যথার্থতা প্রমাণে আমি কোনও প্রমাণ পাইনি। এটা আমার কাছে অত্যন্ত স্পষ্ট।’
পেনসিলভ্যানিয়াতে রিপাবলিকানদের প্রতিনিধি চার্লি ডেন্টও এ বিষয়ে ট্রাম্পকে সমর্থন করছেন না। তিনি বলেছেন, ট্রাম্পের সামনে এগিয়ে যাওয়া এবং রাষ্ট্রশাসন সম্পর্কিত বিষয়ে মনোযোগী হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ট্রাম্প নভেম্বর মাসের শেষের দিকেই দাবি করেছিলেন, নির্বাচনে জালিয়াতির কারণেই তিনি পপুলার ভোটে পরাজিত হয়েছিলেন। ২৭ নভেম্বর এক টুইটে তিনি লিখেন, ‘অবৈধভাবে দেওয়া লাখ লাখ ভোটকে হিসাব থেকে বাদ দিলে ইলেকটোরাল কলেজে ভূমিধ্বস বিজয়ের সঙ্গে সঙ্গে পপুলার ভোটেও আমিই জয়ী হয়েছি।’ তবে এখনও পর্যন্ত ভোট জালিয়াতির কোনও প্রমাণ হাজির করতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: বাংলা ট্রিবিউন










