নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র আয়োজনে ইউকে এইড-এর অর্থায়নে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগামের সহায়তায় প্যানেল আইনজীবীদের নিয়ে ‘আইন, মানবাধিকার ও জেন্ডার’ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডাসকো ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী এড. আলহাজ্ব নজমুস সা’দাৎ এবং সহায়কের দায়িত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মোঃ হাসিবুল আলম প্রধান, ব্রতী’র আইনি সেবা প্রকল্পের রিজিওনাল এন্ড লিগ্যাল এডভোকেসী কোঅর্ডিনেটর মো. আশিক ইকবাল এডভোকেট, ট্রেনিং এন্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর রাজেন্দ্র কুমার দাস।
কর্মশালায় মৌলিক অধিকার, মানবাধিকার এবং জেন্ডার বিষয়ে আলোচনাকালে সাংবিধানিক অধিকারগুলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিশ্চিতকরণে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের কার্যকর ভূমিকা, আইনজীবী হিসেবে মানবীয় দৃষ্টিভঙ্গি পোষণে নিজেদের অবস্থান নির্ণয়, সমাজ এবং আইন সহায়তায় জেন্ডার সংবেদনশীলতা রক্ষা এবং সমাজে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় আইনজীবী তথা মানুষ হিসেবে নিজেদের ইতিবাচক অবস্থান ইত্যাদি বিষয় উঠে আসে। কর্মশালায় রাজশাহী জজ কোর্টের ৩০ জন বিজ্ঞ আইনজীবী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ব্রতীর পক্ষে আরো উপস্থিত ছিলেন লিগ্যাল অফিসার রাকসেং মানকিন, এবং মিনা আফরোজ।
স/শ










