সদ্য প্রকাশিত
কৃষি

পোকাদমনে আলোক ফাঁদ ব্যবহারে নাটোরে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৯২ মিনিট পড়া
পোকাদমনে আলোক ফাঁদ ব্যবহারে নাটোরে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

রোপা আমনের জমিকে পোকামাকড়ের ক্ষতির হাত থেকে রক্ষায় ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে নাটোরের সিংড়ার উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের আলোক ফাঁদ ব্যবহারে উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

আলোক ফাঁদ ব্যবহারে ক্ষতিকর শত্রু পোকার পাশাপাশি উপকারী বন্ধু পোকাও নির্ণয় করা হচ্ছে। গত এক মাসব্যাপী উপজেলার সকল ইউনিয়নে প্রতি বুধবার এ কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে একযোগে কৃষকদের রোপা আমন ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করেছে কৃষি বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ছাতারদিঘী ইউনিয়নের কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোক ফাঁদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক কৃষক আলোক ফাঁদ প্রদর্শনী করেন।

কুমিড়া গ্রামের কৃষক আ. সামাদ, মিলন, জাহেদুল, ছালাম জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করে আলোক ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকা থেকে ফসল রক্ষা করা সম্ভব। এজন্য তাদের ধান ক্ষেতে তারা আলোক ফাঁদ ব্যবহার করবেন বলে জানান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেসবাউল আরেফীন জানান, ছাতারদিঘী ইউনিয়নের কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রায় দিনই বিভিন্ন পয়েন্টে আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে এবং ছাতারদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষকদের দ্বারপ্রান্তে কৃষিসেবা পৌঁছে দেওয়ার নিরবচ্ছিন্ন কার্যক্রম হিসেবে বিপিএইচ ও ব্লাস্ট মোকাবেলায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান অব্যহত রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রহমতউল্লাহ, মো. আ. কুদ্দুসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

স/শা