পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাচু পিচুকাছে মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার প্রাচীন ইনকা নগরীর দিকে যাওয়া একক রেলপথে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের কাছের শহর কুসকোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনের একটি পরিচালনা করছিল পেরুরেইল এবং অন্যটি ইনকা রেল। পেরুরেইল এক বিবৃতিতে জানায়, ‘আমরা গভীরভাবে দুঃখিত।’ প্রতিষ্ঠানটি আরো জানায়, তাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে ট্রেনচালক, কন্ডাক্টর ও যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এখনো পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মাচু পিচুতে যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধ চলমান।
মাচু পিচুতে যাওয়ার ট্রেন ও বাসের টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি এবং সীমিত যাতায়াত ব্যবস্থার কারণে এই ব্যবসা অত্যন্ত লাভজনক। ১৫শ শতকে পেরুর আন্দিজ পর্বতমালায় নির্মিত ইনকা সভ্যতার এই নগরীটি আধুনিক বিশ্বের সাত আশ্চর্যের একটি হিসেবে পরিচিত। পর্যটকেরা ট্রেন ও বাসে অথবা নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে ইনকা ট্রেইল ধরে হেঁটেও মাচু পিচুতে পৌঁছাতে পারেন।
পর্যটনের চাপ নিয়ন্ত্রণ ও স্থাপনাটি সংরক্ষণের লক্ষ্যে ২০১১ সালে দৈনিক দর্শনার্থীর সংখ্যা সীমিত করা হলেও অতিরিক্ত পর্যটন নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।
সূত্র : বিবিসি










