সিলইসটিনিউজ ডেস্ক: পাবনায় পারিবারিক কলহের জেরে নাজমা খাতুন (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী শহিদ দেওয়ানকে (৫০) আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সদর উপজেলার চরসাদিপুর গ্রামের শহিদের সঙ্গে তার স্ত্রী নাজমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাজমাকে শ্বাসরোধে হত্যা করেন শহিদ। এলাকাবাসী টের পেয়ে শহিদকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্ত্রী হত্যায় জড়িত সন্দেহে শহিদকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় নিহত নাজমার বড় ছেলে শামিম বাদী হয়ে বাবার নামে হত্যা মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শহিদকে আদালতে পাঠানো হবে।










