সদ্য প্রকাশিত
পাবনা

পাবনায় এডওয়ার্ড কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
পাবনায় এডওয়ার্ড কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আহমেদ মিশকাত মিশু (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এডওয়ার্ড কলেজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জিম (২৩) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইবনে মিজান।

নিহত আহমেদ মিশকাত মিশু (২৪) পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশকাত মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলো।

মিশুর বাবা গোলাম মোস্তফা বলেন, রাত ৯টার দিকে তাকে মোবাইল ফোনে ডেকে এডওয়ার্ড কলেজে নিয়ে এলোপাতাড়ি ছুরি মারা হয়। স্থানীয়রা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা মিজান বলেন, “শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।” লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/অ