পাবনা

পাবনায় মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ইকরাম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকরাম মোল্লা উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও একই প্রতিষ্ঠানের প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং তাদের অপসারণের দাবিতে গত ৩ আগস্ট মাদরাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন স্থানীয় একটি পক্ষ।

এদিকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রতিবাদে রবিবার সকালে পাল্টা মানববন্ধনের আয়োজন করে অপর একটি পক্ষ। সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসার প্রধান ফটকের সামনে ব্যানার নিয়ে তারা মানববন্ধনে দাঁড়ান। এ সময় একদন্ত ইউনিয়নের গুরুবাসী গ্রামের আহেদ বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাস (৪২) ও তার সহযোগীরা সেখানে গিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে মানববন্ধনে বাধা দেন বলে অভিযোগ করেন আয়োজকেরা।

তাদের দাবি, একপর্যায়ে উপস্থিত লোকজন টিপু বিশ্বাসকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি কোমর থেকে পিস্তল বের করে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করেন।

পরে ইকরাম মোল্লাকে লক্ষ্য করে গুলি করলে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এরপর উপস্থিত লোকজন ধাওয়া দিলে টিপু বিশ্বাস ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা ইকরাম মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে আটঘরিয়া ও আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি শান্ত হওয়ার পর দুই শিক্ষক শামসুল আলম মঞ্জু ও আফরোজা খাতুনের পক্ষের লোকজন ও স্বজনেরা মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন হোসেন আলী, বকুল হোসেন, আব্দুস সামাদ ও মজনু প্রামাণিকসহ অনেকে।

বক্তারা বলেন, শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও প্রভাষক আফরোজা খাতুনকে নিয়ে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালিয়ে মাদরাসার শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছে। এর প্রতিবাদেই শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

মানববন্ধনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল তাকে মাদরাসা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। এলাকার কিছু মানুষকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন বলেও দাবি করেন।

হামলা ও গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে টিপু বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।