নিজস্ব প্রতিবেদক :
পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আজিজের গলাকাটা লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আব্দুল আজিজের লাশ বলে শনাক্ত করেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।









