সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে গত নভেম্বরে জুবাইদা বিবির বাড়িতে হানা দেন দেশটির অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের (সিসিডি) সশস্ত্র কর্মকর্তারা। এসময় মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে নিয়ে যান তার ছেলেদেরও।
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। পাঞ্জাবের বিভিন্ন জেলায় পৃথক পৃথক ‘পুলিশ এনকাউন্টার’-এ তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ছিলেন জুবাইদার ছেলে ইমরান (২৫), ইরফান (২৩) ও আদনান (১৮) এবং দুই জামাতা।
জুবাইদা বিবি পাকিস্তানের শীর্ষ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি)-এর একটি তথ্য-অনুসন্ধানী মিশনকে বলেন, ‘তারা বাহাওয়ালপুরে আমাদের বাড়িতে ঢুকে সব নিয়ে যায়। আমরা লাহোর পর্যন্ত গিয়ে ছেলেদের ছেড়ে দেওয়ার অনুরোধ করি। পরদিন সকালে পাঁচজনের লাশ পাই।
’
পরে আইনি আবেদন করলে পুলিশ বাকি পরিবারকেও হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। তার স্বামী আবদুল জব্বার বলেন, ‘আমার ছেলেদের কোনো অপরাধের রেকর্ড ছিল না। তারা কর্মজীবী মানুষ, বিবাহিত, সন্তান রয়েছে।’
বিস্ফোরক প্রতিবেদন-
১৭ ফেব্রুয়ারি প্রকাশিত এইচআরসিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি) আইন ও সংবিধান লঙ্ঘন করে ‘বিচারবহির্ভূত হত্যার একটি পদ্ধতিগত নীতি’ অনুসরণ করছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’-এ ৯২৪ জন সন্দেহভাজন নিহত হন। উল্লেখ্য, গুরুতর ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে ২০২৫ সালের এপ্রিলেই সিসিডি গঠিত হয়।
কিন্তু এইচআরসিপির ভাষ্য, এটি কার্যত একটি ‘সমান্তরাল পুলিশ বাহিনী’, যারা কাউকে নির্যাতন করলেও কোনো বিচার বা শাস্তি হয় না। এর ফলে আইনের শাসন ও জীবনের অধিকারের প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এইচআরসিপির পরিচালক ফারাহ জিয়া বলেন, ১৯৬০-এর দশকেই পাঞ্জাবে ‘এনকাউন্টার সংস্কৃতি’র সূচনা হয়, যেখানে নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তি ছিল।
পরে তা অন্য প্রদেশেও ছড়িয়ে পড়ে, বিশেষ করে সিন্ধুতে।
তিনি বলেন, ‘স্বল্পমেয়াদি, টেকসই নয় এবং অবৈধ পন্থা গ্রহণের বদলে সরকার যদি উন্নত ফরেনসিক তদন্ত, কমিউনিটি-ভিত্তিক পুলিশিং ও কার্যকর প্রসিকিউশনে বিনিয়োগ করত, পরিস্থিতি ভিন্ন হতে পারত।’
নতুন বাহিনী, বেড়েছে ‘এনকাউন্টার’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নেতৃত্বে ‘সেফ পাঞ্জাব’ ভিশনের অংশ হিসেবে সিসিডি গঠন করা হয়। তিনি তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি।
সিসিডি গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই পাঞ্জাবে ‘এনকাউন্টার’ বেড়ে যায়। আট মাসে ৯০০-র বেশি সন্দেহভাজন নিহত হন। একই সময়ে দুই পুলিশ সদস্য নিহত ও ৩৬ জন আহত হন।
অথচ, ২০২৪ সালে পাঞ্জাব ও সিন্ধু মিলিয়ে মোট ৩৪১ জন সন্দেহভাজন নিহত হয়েছিলেন। অর্থাৎ, একটি প্রদেশেই সিসিডি আট মাসে সেই সংখ্যাকে দ্বিগুণের বেশি করেছে।
সবচেয়ে বেশি ‘এনকাউন্টার’ হয়েছে লাহোরে (১৩৯টি), এরপর ফয়সালাবাদ (৫৫) ও শেখুপুরা (৪৭)। নিহতদের মধ্যে সবচেয়ে বড় অংশ ডাকাতির অভিযোগে অভিযুক্ত (৩৬৬ জন)। মাদক-সংক্রান্ত ১১৪ জন, ছিনতাইয়ের অভিযোগে ১৩৮ জন এবং হত্যা মামলার আসামি ৯৯ জন নিহত হন।
‘একই চিত্রনাট্য’
এইচআরসিপি একাধিক পুলিশ প্রতিবেদনের ভাষ্য বিশ্লেষণ করে জানায়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়—রাতে মোটরসাইকেলে ‘সন্দেহজনকভাবে’ চলাফেরা করা সন্দেহভাজনদের আটকাতে গেলে তারা আগে গুলি চালায়; আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়; একজন গুলিবিদ্ধ হয়, বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।
অসংখ্য এফআইআরে একই ধরনের ভাষা ব্যবহৃত হয়েছে। এমনকি কোথাও কোথাও দাবি করা হয়েছে, মৃত্যুর আগে আহত ব্যক্তি জ্ঞান ফিরে নিজের পূর্ণ নাম-পরিচয় ও অপরাধের ইতিহাস বলে গেছে। কমিশনের মতে, এসব বর্ণনায় ‘কপি-পেস্ট কাঠামো’র স্পষ্ট ছাপ রয়েছে।
লাহোরভিত্তিক মানবাধিকার আইনজীবী আসাদ জামাল বলেন, মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন অপরাধ কমেছে। ‘তারা মনে করছেন অপরাধের হার কমলে বিচারবহির্ভূত হত্যাও ন্যায্য হয়ে যায়,’ বলেন তিনি।
সরকারের অবস্থান
আদালতে দাখিল করা নথিতে সিসিডি দাবি করেছে, সাত মাসে সম্পত্তি-সংক্রান্ত অপরাধ ৬০ শতাংশের বেশি কমেছে। ডাকাতি-সংক্রান্ত হত্যাও একই হারে কমেছে।
বিভাগটি বলছে, তারা ‘ইন্টেলিজেন্স-নির্ভর পুলিশিং মডেল’ অনুসরণ করছে এবং কুখ্যাত চক্রগুলো ভেঙে দিয়েছে। এইচআরসিপির অভিযোগকে তারা প্রমাণহীন বলে উড়িয়ে দিয়েছে।
তবে কমিশনের বক্তব্য, অপরাধ কমলেও পদ্ধতি গুরুত্বপূর্ণ। তদন্ত, প্রসিকিউশন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ মোকাবিলা হবে, নাকি সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড—এটাই রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিবারকে দ্রুত দাফনের জন্য চাপ দেওয়া হয়েছে, যাতে স্বাধীন ময়নাতদন্ত না হয়। পুলিশকে তথ্য চেয়ে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি এইচআরসিপি।
দীর্ঘদিনের প্রবণতা
গত এক দশকে সারা দেশে প্রায় ৫ হাজার ‘এনকাউন্টার’-এর ঘটনা নথিভুক্ত হয়েছে, যার প্রায় ২ হাজারই পাঞ্জাবে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত প্রতিবছর সংখ্যা ৪০০-র নিচে ছিল।
কিন্তু ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১,০০৮-এ—আগের বছরের তুলনায় তিন গুণের বেশি। সর্বশেষ প্রতিবেদনে মোট ঘটনার সংখ্যা কিছুটা কম হলেও মৃত্যুর হার বেড়েছে।
মানবাধিকারকর্মীরা বহু ঘটনাকেই ‘মঞ্চস্থ’ বা ভুয়া এনকাউন্টার হিসেবে বর্ণনা করেছেন—যেখানে গ্রেপ্তারের বদলে সন্দেহভাজনদের হত্যা করা হয়েছে।
লাহোরের আইনজীবী রিদা হোসেন বলেন, ‘এনকাউন্টার সংস্কৃতি উপনিবেশিক শাসন ও সামরিক শাসনের উত্তরাধিকার, যেখানে নাগরিকদের অধিকারপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নয়, শাসিত প্রজা হিসেবে দেখা হতো।’
তার ভাষায়, “সরকার ‘শূন্য অপরাধ’ অর্জনের কথা বলছে। কিন্তু এতে রাষ্ট্র-সমর্থিত আরেক ধরনের অপরাধ প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। একবার রাষ্ট্রীয় সহিংসতা স্বাভাবিক হয়ে গেলে তা শুধু কথিত অপরাধীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না।”
তিনি সতর্ক করেন, “আজ যাদের ‘অপরাধী’ বলা হচ্ছে, কাল একই তকমা দিয়ে ভিন্নমতাবলম্বী বা নিরীহ মানুষকেও হত্যা করা হতে পারে।”










