সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত তিন ইস্যু নিয়ে পদক্ষেপের এখনই সময়

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৭৯ মিনিট পড়া
পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত তিন ইস্যু নিয়ে পদক্ষেপের এখনই সময়
সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী এদেশে গণহত্যা, ধর্ষণ এবং জনগণের সহায়-সম্পত্তি লুণ্ঠন ও ধ্বংসের যে নারকীয় তাণ্ডবলীলা চালিয়েছিল, তার জন্য এখনো তারা সরকারিভাবে ক্ষমা প্রার্থনা করেনি। মীমাংসা হয়নি ক্ষতিপূরণের বিষয়টিও। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত তিন ইস্যুর বিষয়েই কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর কেটে গেছে ৪৬ বছর। স্বাধীনতার সময়ের কূটনীতিক, রাজনীতিক ও আমলারা বেঁচে থাকতে আন্তর্জাতিক আদালত কিংবা জাতিসংঘের মাধ্যমে এসব ইস্যুর সমাধান করা উচিত। না হলে কয়েকবছর পর বিষয়গুলো আরো জটিল আকার ধারণ করবে। কারণ, ইতিহাসের প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হয়। প্রথম ‍ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তেমনটিই দেখা গেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিও ক্ষমতায় রয়েছে। সবদিক বিবেচনায়, পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত তিন ইস্যু নিয়ে পদক্ষেপের এখনই মোক্ষম সময়।

পাকিস্তান সরকারের তরফ থেকে ১৯৭৩ সালে এই মর্মে একটি বিবৃতি দেওয়া হয়, ‘আন্তর্জাতিক আস্থা অর্জন করবে, এমন বৈশিষ্ট্যের ও গঠনপ্রণালীসম্পন্ন জুডিশিয়াল ট্রাইব্যুনাল গঠন করে ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার পাকিস্তানে করা হবে’। কিন্তু ৪৪ বছরের মধ্যে সেই বিচারিক কর্যক্রমের কোনো উদ্যোগ গ্রহণের কথা শোনা যায়নি। উল্টো বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশটির পক্ষ থেকে আপত্তিকর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের পাওনার বিষয়টি অস্বীকার করে উল্টো বাংলাদেশের কাছে পাওনার কথা বলেছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান নামক দেশটির কোনো চরিত্র নেই। যুদ্ধের ক্ষয়ক্ষতি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশকে আরো বেশি তৎপর না হলে এসব অমীমাংসিত ইস্যুর সমাধান কঠিনতর হয়ে যাবে।

বিশেষজ্ঞ মতামত: ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে এ পাওনার বিষয়ে বারবার পাকিস্তানের কাছে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। অবশ্য শুধু টাকার এ অঙ্ক নয়, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত তিন ইস্যুর বিষয়েই কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের উপর পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার বিষয়টি প্রতিষ্ঠিত সত্য। কূটনৈতিকভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের ক্ষমা চাওয়ার জন্য। অর্থনৈতিক পাওনা বা ক্ষতিপূরণের কথা যদি বলেন, বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে খ্যাত পাট বিক্রির আয় থেকেই পাকিস্তানের ইসলামাবাদ গড়ে উঠেছে। বাংলাদেশের পাটই ছিল তৎকালীন পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। সে হিসেবে আমাদের পাওনা তাদের কাছে থাকবে, এটি খুব স্বাভাবিক। সে পাওনা তো তারা শোধ করছে না। এসব সমাধানে আমাদেরই উদ্যোগী হয়ে এগিয়ে যেতে হবে।’

অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ‘সরকার যদি সুষ্ঠু হিসাব নিকাশ করে একটি দাবিপত্র বিশ্বের সকল বড় অর্থকরী প্রতিষ্ঠানে জমা দেয়, তবে পাকিস্তান থেকে পাওনা অর্থ আদায়ের প্রক্রিয়ায় গতি আসবে। এর সঙ্গে জাতিসংঘকে সম্পৃক্ত করতে হবে। যৌক্তিক দাবিগুলোই আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া বা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সরকারকেই উদ্যোগী হতে হবে।’

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে অনেকবার পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু তারা কখনই সাড়া দেয়নি। গত দু’তিন বছর ধরে তো তারা এ বিষয়ে আলোচনায়ই আসতে চাচ্ছে না। তবে আমি বলবো, আমাদেরই এগিয়ে যাওয়া উচিত। আন্তর্জাতিক আইনকে সামনে রেখে তাদের কাছে প্রকৃত ক্ষতিপূরণ আদায়ে সরকারকে সর্বাগ্রে উদ্যোগী হতে হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, ‘তৎকালীন পাকিস্তান সরকারের পরিসংখ্যান অনুযায়ী চারটি নীতি অনুসারে বাংলাদেশের দাবি সম্পূর্ণই যৌক্তিক। জনসংখ্যা নীতির ভিত্তিতে বাংলাদেশ ৫৬ শতাংশ সম্পদ দাবি করতে পারে। সমতার নীতিতে বাংলাদেশ ৫০ শতাংশ দাবি করতে পারে। বৈদেশিক মুদ্রানীতির ভিত্তিতে তৎকালীন পূর্ব পাকিস্তান কর্তৃক অর্জিত মোট বৈদেশিক মুদ্রা আয়ের ভিত্তিতে ৫৪ শতাংশ সম্পদের দাবি করতে পারে। এছাড়া সমগ্র দেশের সম্পদের অনুপাতের নীতির ভিত্তিতে বাংলাদেশ ৪৪ শতাংশ সম্পদ দাবি করতে পারে।’

যা আছে আন্তর্জাতিক আইনে: আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ বিভক্ত হয়ে পড়লে বা স্বাধীন হলে দেশটির স্থাবর-অস্থাবর সম্পত্তিও বণ্টন হয়ে থাকে। কিন্তু তৎকালীন পাকিস্তানের সম্পদের একটি অংশ বাংলাদেশের প্রাপ্য হলেও স্বাধীনতার ৪৫ বছর অতিবাহিত হওয়ার পরও কোনো সম্পদ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ পায়নি।

পাকিস্তান শাসনামলে যেখানে জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্ত বৈদেশিক সাহায্যের ৫৬ শতাংশ কিংবা সমবণ্টনের ভিত্তিতে ৫০ শতাংশ ঋণ পূর্ব পাকিস্তানের প্রাপ্য ছিল, সেখানে পাকিস্তান ৭৬৪০ মিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেলেও পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র ২০২৪ মিলিয়ন ডলার বা ২৬.৬ শতাংশ। ঋণের ৬৪৩৯ মিলিয়ন ডলার কাজে লাগানো হয় এবং বাংলাদেশ পায় ১৯৪১ মিলিয়ন ডলার বা ৩০ শতাংশ।

পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান রপ্তানির মোট আয় করেছিল প্রায় ৫৪.৭ শতাংশ বা ২৫,৫৫৯ মিলিয়ন টাকা বা ৫,৩৭০ মিলিয়ন ডলার। এখানে পশ্চিম পাকিস্তানের আয় ছিল ২১,১৩৭ মিলিয়ন টাকা বা ৪,৪৪০ মিলিয়ন ডলার। ৪৬,৬৯৬ মিলিয়ন টাকার মোট রপ্তানি আয়ের মধ্যে পূর্ব পাকিস্তানের আমদানির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ২০,০৬৭ মিলিয়ন টাকা। অর্থাৎ ৪,২২৬ মিলিয়ন ডলার যেখানে পশ্চিম পাকিস্তান পেয়েছে ৯,৩১২ মিলিয়ন ডলার। পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের উদ্বৃত্ত ৪৪২২ কোটি টাকা পশ্চিম পাকিস্তানের জন্য ব্যায় করা হয়। পাকিস্তান আমলে নেওয়া ঋণের মধ্যে বাংলাদেশ ১৯৭৮ সালের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে সমাপ্ত প্রকল্পের মোট ৫০৬.৭৬১ মিলিয়ন ডলারের মধ্যে ১৩.৪৮৫ মিলিয়ন ডলারের দায় গ্রহণ করে।

এ ছাড়াও সেসময় চলমান প্রকল্পের ১৪৫.৮৬ মিলিয়ন ডলারের মধ্যে ১৩৬.১২১ মিলিয়ন ডলারের দায়ও বাংলাদেশ গ্রহণ করে। তৎকালীন, পূর্ব পাকিস্তানের অর্থনীতির নিয়ন্ত্রক যে সকল পাকিস্তানি ছিল তারা যুদ্ধের সময় এবং স্বাধীনতার পূর্ব মূহূর্তে তাদের সম্পত্তি রেখেই  বাংলাদেশ থেকে পালিয়ে যায়।

বাংলাদেশের পাওনা: পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা অর্থের পরিমাণ ১৮ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে একাত্তরে যুদ্ধকালে সম্পদের সমবণ্টনের হিসাবে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৪৩২ কোটি মার্কিন ডলারের অর্ধেক ২১৬ কোটি মার্কিন ডলার। এর সঙ্গে আছে একাত্তরে বাংলাদেশের জন্য বৈদেশিক সাহায্যের ২০০ মিলিয়ন ডলার। এ অঙ্কই বর্তমান হিসাবে বাংলাদেশী মুদ্রায় ১৮ হাজার ২৮০ কোটি টাকা।

স্বাধীনতার পর থেকে এ পাওনার বিষয়ে বারবার পাকিস্তানের কাছে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। অবশ্য শুধু টাকার এ অঙ্ক নয়, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত তিন ইস্যুর বিষয়েই কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। এর মধ্যে বাংলাদেশের প্রথম দাবি গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, দ্বিতীয় দাবি ক্ষতিপূরণ এবং তৃতীয় দাবি এদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় অখণ্ড পাকিস্তানের সম্পদের পরিমাণ ছিল ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। উত্তরসূরি রাষ্ট্র হিসেবে সম্পদের আইনি অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ মনে করে, ১৯৭১ সালের আগে তৎকালীন পূর্ব-পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ ওই সম্পদের ৫৬ শতাংশ, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে পূর্ব-পাকিস্তানের অর্থনৈতিক অবদান বিবেচনায় ৫৪ শতাংশ এবং সমতার নীতি অনুসরণ করলে ৫০ শতাংশের দাবিদার বাংলাদেশ।

১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, বরগুনা, ভোলাসহ দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় গোর্কি নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লাখ মানুষ মারা যায়। নষ্ট হয় শত কোটি টাকার সম্পদ। কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তখন কোনো সহায়তা দেয়নি পূর্ব-পাকিস্তানকে। ঘূর্ণিঝড়ের পর পূর্ব-পাকিস্তানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য আসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এ বিদেশী মুদ্রা তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকার শাখায় রক্ষিত ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে বৈদেশিক মুদ্রাগুলো স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। এ অর্থ সরাসরি ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

উদ্যোগ চলমান, কিন্তু সফলতা আসছে না: ১৯৭৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এলে বঙ্গবন্ধু সরকার তার কাছে চারশ কোটি ডলার ন্যায্য পাওনা দাবি করে। জুলফিকার আলী কৌশলে বঙ্গবন্ধুর দাবি এড়িয়ে যান।

১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবি জানানো হয় বাংলাদেশে ৩০ লাখ মানুষকে হত্যার জন্য ক্ষমা প্রার্থনার। ১৯৮১ সালে জাতিসংঘের ঘোষিত ইউনিভার্সাল ডিক্লেয়ারেশন অব হিউম্যান রাইটসে বলা হয়েছে, বাংলাদেশে সবচেয়ে কম সময়ে বেশি গণহত্যা করা হয়েছে। ১৯৯৮ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঢাকা সফরে এসে একাত্তরকে তৎকালীন একটি রাজনৈতিক অস্থিতিশীল ঘটনা বলে আখ্যায়িত করেন। তবে ২০০২ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ঢাকায় এসে ’৭১-এর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু গণহত্যার দায় স্বীকার করেননি।

অবশ্য পাকিস্তানের সরকার ক্ষমা না চাইলেও ২০০২ সালে পাকিস্তানের নাগরিক সমাজের ৫১টি সংগঠন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, ১৯৭১ সালের ঘটনার জন্য পাকিস্তান সরকারের বাংলাদেশের কাছে আরো আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল।

পাকিস্তানের কাছে বাংলাদেশের আরেকটি দাবি, আটকে পড়া বিহারীদের ফিরিয়ে নেওয়া। ২০০৬ সালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সমীক্ষা অনুযায়ী, সে সময় বাংলাদেশে আটকে পড়া বিহারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার। গত চার দশকের মধ্যে নওয়াজ শরিফের সরকার সউদী আরবভিত্তিক জামাতুদ-দাওয়ার অর্থায়নের মাধ্যমে আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু করেছিল। বাংলাদেশে বসবাসরত বিহারীদের নিজ দেশে পুনর্বাসন করার জন্য নওয়াজ শরিফ সরকার একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছিল, যেখানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটটি জেলায় ১০ মিলিয়ন রুপি ব্যয়ে ৫ হাজার ইউনিটের একটি আবাসন প্রকল্প তৈরির ব্যবস্থা ছিল। কিন্তু জামাতুদ-দাওয়া অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর আটকে পড়াদের ফিরিয়ে নেওয়াও থেমে যায়। যদিও এর আগেই পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর জনগণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিরোধিতা করে।

২০০৪ সালের জানুয়ারি মাসে লাহোর হাইকোর্ট এক ঘোষণায় বলেছে, বাংলাদেশে যেসব বিহারী বসবাস করছে তারা বাংলাদেশের নাগরিক। কর্মকর্তারা জানান, দেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে সিমলা চুক্তির পর পাকিস্তানের কাছ থেকে পাওনা আদায়ের চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ নিয়ে উদ্যোগী হয়েছিলেন। অনেকটা গুছিয়েও এনেছিলেন। তার সময়ই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় বাংলাদেশের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক দূরদর্শিতাতেই ১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান। কিন্তু ‘৭৫ সালে তাকে সপরিবারে হত্যার পর এগুলো আর তেমনভাবে এগিয়ে যায়নি। শুরুর দিকে পাকিস্তান এ বিষয়গুলো স্বীকার করলেও পরে আলোচনায় আর আগ্রহ দেখায়নি।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্প্রতি জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ এবং এর পূর্ববর্তী সব দেনা-পাওনার ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে দাবি জানিয়ে আসছে। ওসব বৈঠকের মধ্যে ১৯৭৭, ১৯৮০, ১৯৮৯, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০১০ এবং ২০১২ সালের বৈঠক অন্যতম। এসব আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বৈঠকেও সম্পদের হিস্যাসহ তিনটি অমীমাংসিত বিষয় বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়।

কূটনৈতিক ঘটনাপ্রবাহ অনুসারে, বর্তমান আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ক্ষমতায় আরোহণের পর ২০০৯ সালের জানুয়ারিতে বাংলাদেশের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাতে ঢাকা এসেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত। জিয়া এম ইস্পাহানিকে বাংলাদেশের তিন দাবির কথা স্পষ্টই জানিয়ে দেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সে বছর একই কথা জানানো হয় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাশার খান বাবরের কাছে। পরের বছর ২০১০ সালে ইসলামাবাদে পররাষ্ট্র সচিবদের দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের দাবির কথা পুনরায় উল্লেখ করা হয়। সর্বশেষ ২০১১ সালেও ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার আফরাসিয়াব মেহদি হাশমি কুরেশির কাছেও পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে ২০১২ সালে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খাঁর ঢাকায় এলে বাংলাদেশের দাবির কথা জানানো হয়। এরপর আর তেমন আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

রাইজিংবিডি