সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানের ‘জঙ্গিবাদে মদদ’ আটকাতে ট্রাম্পকে বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
পাকিস্তানের ‘জঙ্গিবাদে মদদ’ আটকাতে ট্রাম্পকে বিশেষজ্ঞদের পরামর্শ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিবাদে পাকিস্তানের ‘সমর্থন’ ও দেশটির নেতাদের মদদ আটকাতে ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে একদল দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অবস্থান পরিবর্তিত না হলে, মার্কিন ত্রাণ সহায়তা কমানোর সুপারিশও করেছেন।

 

আঞ্চলিক কৌশলগত মার্কিন লক্ষ্য অর্জনে পাকিস্তানি নেতাদের জঙ্গিবাদে সমর্থন আরও দুরূহ করার প্রস্তাব করা হয় বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে। ‘এ নিউ ইউ.এস অ্যাপ্রোচ টু পাকিস্তান: এনফোর্সিং এইড কন্ডিশনস উইথাউট কাটিং টাইস’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘আঞ্চলিক কৌশলগত স্বার্থ অর্জনের জন্য পাকিস্তানের বিষয়ে অবশ্যই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হওয়া উচিত এমন এক নীতি গ্রহণ করা, যেন পাকিস্তানি নেতাদের জন্য জঙ্গিবাদে সমর্থন দেওয়া দুরূহ হয়ে পড়ে।’ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

 

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আগেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়।

 

বিশেষজ্ঞদের ওই দলে রয়েছেন লিসা কার্টিস (দ্য হেরিটেজ ফাউন্ডেশন), ক্রিস্টিন ফেয়ার (জর্জটাউন ইউনিভার্সিটি), কর্নেল (অব.) জন গিল (ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি), অনিশ গোয়েল (নিউ আমেরিকা), গুসেইন হাক্কানি (হাডসন ইনস্টিটিউট), পলি নায়েক (ইনডিপেন্ডেন্ট কনসালট্যান্ট), অপর্ণা পান্ডে (হাডসন ইনস্টিটিউট), ব্রুস রিডেল (ব্রুকিংস ইনস্টিটিউট), ডেভিড সিডনি (সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস) এবং ড. মারভিন উয়েনবম (মিডল ইস্ট ইনস্টিটিউট)।

 

১৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নেতাদের জঙ্গিবাদে মদদ দেওয়াকে যুক্তরাষ্ট্র দেশটির নীতিগত অবস্থান বলে মনে করে। যা দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থের জন্য হুমকি। পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের রোধে চাপ প্রয়োগের কথাও বলা হয় ওই প্রতিবেদনে।

 

প্রতিবেদনে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ না বলা হলেও ‘জঙ্গিবাদে পাকিস্তানের মদদের’ কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সাহায্য পেয়েও পাকিস্তান জঙ্গিদের সমর্থন করা থেকে বিরত থাকেনি। আমরা এর আগেও তাদের পক্ষ থেকে সহযোগিতার অভাব লক্ষ্য করেছি।’

 

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভারত ও আফগানিস্তানে কার্যকর বিভিন্ন জঙ্গি সংগঠন ইসলামাবাদ থেকে কার্যক্রম পরিচালনা করে।’ পাকিস্তানকে জঙ্গিবাদে মদদ দেওয়া থেকে বিরত রাখতে ট্রাম্প প্রশাসনকে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয় ওই প্রতিবেদনে।

 

মার্কিন কর্মকর্তাদের ভারত ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বজায় রাখার নীতি থেকে সরে আসা উচিত বলে প্রতিবেদনে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তান সম্পর্ক যেসব বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে, তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাজ করা উচিত।

 

প্রতিবেদনে মার্কিন স্বার্থের বিপরীত পাকিস্তানের কোনও কর্মকাণ্ডের জন্য দেশটিকে ‘দণ্ড’ দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক রাখার সুপারিশ করা হয়।

 

তবে পাকিস্তান তার আচরণ না বদলাতে ত্রাণ, সামরিক ও আর্থিক সহায়তা কমানো বা আটকে দেওয়ার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।

 

কাশ্মির প্রশ্নে প্রতিবেদনে বলা হয়, ‘বহু দশক ধরে ভারতের কাছ থেকে কাশ্মিরের দখল ছিনিয়ে নিতে সেনাবাহিনীকে শক্তিশালী করছে পাকিস্তান। এই বিষয়টি মার্কিন কর্তৃপক্ষকে অবশ্যই বুঝতে হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন