সিল্কসিটিনিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং-ন্যামকে হত্যায় জড়িত সন্দেহে তৃতীয় আরেকজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার মালয়েশীয় এই পুরুষকে গ্রেপ্তার করা হয়।
সেলাংগর রাজ্য পুলিশের প্রধান আবু সামাহ মাত বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এই ব্যক্তি গ্রেপ্তারকৃত দ্বিতীয় সন্দেহভাজনের প্রেমিক। অধিকতর তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে ন্যাম হত্যায় দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার ভোরে এক ইন্দোনেশীয় নারীকে গ্রেপ্তার করে পুলিশ। মালয়েশীয় পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম সিটি আয়েশা। পাসপোর্টে তার জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি ১৯৯২ লেখা। তবে এটি আসল পাসপোর্ট কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার ন্যাম হত্যায় প্রথম সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২৮ বছর বয়সি ওই নারীর নাম ডোয়ান থি হুওং। তার সঙ্গে ভিয়েতনামি পাসপোর্ট ছিল। ভিয়েতনামের ফ্লাইট ধরতে সে বিমানবন্দরে ফিরে এসেছিল। গ্রেপ্তারের সময় সে একাই ছিলো।
বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, কুয়ালালামপুরের বিমানবন্দরে সোমবার সকাল ৯টায় কিম জং-ন্যামের মুখে প্রথমে রাসায়নিক দ্রব্য ছুঁড়ে মারা হয়েছিল। পরে সুচের মাধ্যমে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত দুই নারী পরে ট্যাক্সিতে করে পালিয়ে যান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দরের সিসিটিভি থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ওই নারী এশিয়ান বংশোদ্ভূত ও মধ্যবয়সি। তার পরিহিত টি-শার্টের ওপরের অংশে ইংরেজিতে লেখা ছিল এলওএল। নীল রঙের স্কার্ট পরিহিত ওই নারীর হাতে ছিল একটি ছোট্ট হাতব্যাগ।
সূত্র: রাইজিংবিডি










