
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
নিরাপদ সড়ক দিবসে চাঁপাইনবাবগঞ্জের মহাসড়কে নিহত হয়েছেন এক পোল্ট্রি ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় শহরের শান্তি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর এর চালককে আটক করা হয়েছে এবং ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৫০৭) টি জব্দ করা হয়েছে।

নিহত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ড চৌহদ্দিটোলা মহল্লার মৃত একরামুল হকের ছেলে মো. শামসুজ্জামান (৫৬)। আটক ট্রাক চালক জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার চুটু আলীর ছেলে আব্দুর রহিম।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি দ্রুতগামী খালি ট্রাক শহরের শান্তির মোড় এলাকা অতিক্রম করে আরামবাগ এলাকায় একই মুখে যাওয়া একটি মটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এর আরোহী পোল্ট্রি ব্যবসায়ী শামসুজ্জামান রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। পরে
আইনানুগ ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সদর থানা পুলিশের অভিযানে দূর্ঘটনার আধা ঘন্টার মধ্যেই মহানন্দা ব্রীজ সংলগ্ন টোল ঘর এলাকা থেকে ট্রাকের চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।








