ভ্রামম্যান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যক্তিকে ককটেলসহ আটক করেছে থানা পুলিশ। তবে ককটেল উদ্ধার ঘটনাকে ষড়যন্ত্র দাবি করেছে তার পরিবার।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার হাজারী ডাঙ্গা গ্রামের মৃত ডা. ওয়াজেদ আলীর ছেলে নাজমুল হোসেন।


নাচোল থানর ওসি ফাছিরুউদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলার নেজামপুর রেল স্টেশন পাড়া এলাকা থেকে নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আরও জানান, নাশকতার উদ্দেশ্যে ৮-১০ জনের একটি দল নেজামপুর রেল স্টেশন পাড়া সংলগ্ন আম বাগানে গোপন বৈঠক করার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও নাজমুল হোসেন কে ৭টি ককটেলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তবে গত মঙ্গলবার দুপুরে নাজমুলের পরিবার সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ১৩ জুন দুপুরে শিবগঞ্জ পৌর মার্কেট এলাকা থেকে নাজমুল হোসেনকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। তাকে ১৪ই জুন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সে মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত মাসের ২৬ তারিখ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে বের হওয়ার সময় তাকে ধরে নিয়ে যায় সাদা পোশাকে থাকা লোকজন। তখন থেকেই নিখোঁজ ছিলেন নাজমুল হোসেন। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনের পরিবার তাকে উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।
স/আ









