ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে অভিযোগ করেছেন রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। গত বছরের ২১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নাচোল উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয় এমপিও কোড ৮৫০৩০৬৪৩০১ এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ: সালাম সরকারি নীতিমালা ভঙ্গ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
এছাড়া তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, সরকারি নীতিকমালা অনুযায়ী একটি উচ্চ বিদ্যালয়ের নিজ নামীয় ১৫০ শতক জমি থাকার নিয়ম থাকলেও প্রকৃত পক্ষে রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের জমি নাই। বিদ্যালয়টি প্রকৃত পক্ষে ১৯৮৭ সালে স্থাপিত হয় বলে কাগজ পত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু বাস্তবে ১৯৮৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ শতক এবং ১৯৯৬ সালে ৩৮ শতক ভূয়া মালিক সাজিয়ে মোট ৭৭ শতক জমি জালিয়াতি করে। তদন্ত করলে সে জমিগুলোর কোন খাজনা খারিজ দেখাতে পারবেনা।
এছাড়া ১৯৯১ সালে বিদ্যালয়ের নামে এক আদিবাসি পাড়ার ১০১ শতক জমি জালিয়াতি করে। সেই সব জালিয়াতি কাগজপত্র দেখিয়ে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোকে উচ্চ বিদ্যালয়ের বানিয়ে উচ্চ বিদ্যালয়টি এমপিওভূক্ত করে। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাটি ও টিনের ছাউনী ভবন ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যান তিনি।
এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর সিআর ৮১/১৩। সে মামলায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: সালাম প্রায় ১৪ দিন জেলহাজতে থাকেন। তার বিরুদ্ধে মোটা অংকের লেনদেনের বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, রাজবাড়ী হাট সংলগ্ন রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ৪৪০ নম্বর দাগে ৮৮ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ ও ১৯৭২ সালের রেকর্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জারি আছে। সেই মোতাবেক ১৯৬২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারি ভাবে খাজনা পরিশোধ করা হচ্ছে। কিন্তু ১৯৯০ সালে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দ্যোগ নেন। তখন ৪৪১ নম্বর দাগে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এরপর প্রাথমিক অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত কক্ষগুলোতে উচ্চ বিদ্যালয় ক্লাশ শুরু করে। এনিয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে আসছে। তখন থেকেই উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের জমি ও আসবাবপত্র দখল করতে থাকে।
রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতার নাতি ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল আক্তার, সদস্য রেজাউল করিম, আবদুর রাজ্জাক জানান, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বিভিন্ন লোকের জমি জালিয়াতি করে হয়রানী করে আসছে। তিনি একই কায়দায় প্রাথমিক বিদ্যালয়টিরও জমি দখল করে আমাদের হয়রানী করছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের একাধিক গাছ কেটে নেয়ারও অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ করে বলেন, নিয়ম কানুন মেনেই উচ্চ বিদ্যালয় পরিচালিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোন ঝামেলা নেই।
স/শ
নাচোলে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ









