সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের পর নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীর গাড়িতে দুর্বৃত্তদের হামলায় নববধূসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় তাদেরকে মারধর করার পাশাপাশি তাদের কাছে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ‘আজিমনগর মোড়া’ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের কুয়েত প্রবাসী ইব্রাহিম মোল্লা দুটি মাইক্রোবাসে প্রায় ২৪ জন বরযাত্রী নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর গ্রামে বিয়ে সম্পন্ন করে নববধূসহ বাড়ি ফিরছিলেন।
পথে ভাঙ্গা উপজেলার আজিমনগর মোড়ার কাছে সেতুর ঢাল নামার সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের সঙ্গে মাইক্রো চালকের হর্ন দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা বরযাত্রীদের বহনকারী দুটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়ি দুটি ভাঙচুর করে। এসময় নববধূসহ নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে বলে বর ও বরযাত্রীরা অভিযোগ করেছেন।
এসময় হামলায় নববধূসহ অন্তত ১০ জন বরযাত্রী আহত হন। গুরুতর আহত দুইজন বরযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দুদু মিয়া বলেন, ‘আমার এলাকার বালিয়াডাঙ্গী গ্রামের কুয়েত প্রবাসী ইব্রাহিম মোল্লা নামক এক ব্যক্তি বিয়ে করে বাড়ি ফিরছিল। ফেরার সময় গাড়ির হর্ন দেওয়া ও সাইড দেওয়া নিয়ে চালকের সঙ্গে আজিমনগর মোড়া এলাকার বখাটে ধরনের কয়েক তরুণের তর্ক হয়।
এরপর ওই বখাটেরা সংঘবদ্ধ হয়ে বরযাত্রীদের ওপর হামলা চালায়। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। তাদের স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়েছে বলে শুনেছি।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










