সদ্য প্রকাশিত
কৃষি

নওগাঁয় ঝরে পড়া আমে তৈরি হচ্ছে হরেক আচার ও সুস্বাদু খাবার

নিউজ ডেস্ক২৩ মে ২০১৯৩ মিনিট পড়া
নওগাঁয় ঝরে পড়া আমে তৈরি হচ্ছে হরেক আচার ও সুস্বাদু খাবার
কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁ’র মান্দা উপজেলার কালিগ্রাম শাহ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের উদ্যোগে বিভিন্নভাবে গাছ থেকে ঝরে যাওয়া আম থেকে নানা রকমের সুস্বাদু আচার তৈরী করতে গ্রামীণ নারীদের উদ্বুদ্ধ করে সংগঠিত করা হয়েছে। এই উদ্যোগে সাড়া দিয়ে ঐ গ্রামের বেশীরভাগ নারী এখন তৈরী করছেন আমের নানা রকম আচার এবং আমের রকমারী খাবার। এতে একদিকে যেমন ঝরে যাওয়া আমগুলো নষ্ট হচ্ছে না, অন্যদিকে এসব আচার খাবারের ফলে মানুষের পুষ্টির চাহিদা পুরণ করছে- বলছে কৃষি ভিভাগ।
মান্দা উপজেলার কালিগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘর কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন সময় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যেই সুখ্যাতি অর্জন করেছে। এই পাঠাগারের উদ্যোক্তা রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাহাঙ্গীর আলম শাহ চৌধুরী ঝরে কিংবা অন্য কোন কারনে গাছ থেকে ঝরে পড়া আমগুলো কুড়িয়ে নানারকমের  আচার তৈরীতে উদ্বুদ্ধ করেছেন গ্রামীণ নারীদের। কালিগ্রামের প্রতিটি বাড়ির নারীরা এতে উদ্বুদ্ধ হয়ে তৈরী করেছেন হরেক রকমের আচার। এসব আচার প্রদর্শনীর ব্যবস্থাও করেন তিনি।
ঐ গ্রামের গৃহিনী মৌসুমী চত্রবর্তী, ছাত্রী তানিয়া খাতুন ও গৃহিনী হালিমা খাতুন জানিয়েছেন, তাঁরা এই কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘর থেকে প্রশিক্ষণ গ্রহন করে চিনিতে আমের সন্দেশ, আমের জুস, আমের রস মালাই, আমের চমচম, আমস্বত্ব, আমচুর, আমের নবাবী, আমে বরই, আমের চচ্চড়ি, ডুবো আম ইত্যাদিসহ প্রায় শতাধিক রকমের আমের আচার ও আমের বিভিন্ন সুস্বাদু খাবার তৈরী করতে শিখেছেন। এখন এই মওসুমে তাঁরা প্রায় প্রতিটি বাড়িতে এসব আচার তৈরী করেছেন।
এই কৃষি তথ্য পাঠাগারের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম শাহ এবং জোৎস্না বেগম নামের এক সদস্য রাজশাহী ফল গবেষণা ইনষ্টিটিউটে আমের আচার ও বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরী সম্পর্কে প্রশিক্ষণ গ্রহন করেন। পরবর্তীতে তাঁরা কালিগ্রামের সকল গৃহিনীদের এই প্রশিক্ষণ প্রদান করেন। সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তাঁরা এসব আম কাজে লাগিয়ে আচার তৈরী করছেন।
ঐ গ্রামের ৮০ বছর বয়সী আব্দুর রাজ্জাক বলেন, গ্রামীণ নারীদের এমন উৎসবমুখরভাবে আচার তৈরী করতে এবং তা প্রদর্শনীর মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করা এলাকায় তাঁর বয়সে এই প্রথম। এর আগে এমন কোন উদ্যোগ তিনি দেখেননি।
উদ্যোক্তা শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ জানান, এই উদ্যোগ নেওয়ার ফলে  এলাকার কোথাও আমগাছের নিচে আর পরিত্যক্ত আম পড়ে থাকতে দেখা যাচ্ছে না। সব আম কাজে লাগিয়ে আচার তৈরী করেছেন নারীরা। এই উদ্যোগ একসময় বাণিজ্যিকীকরণ হিসেবে পরিগণিত হবে বলে মনে করেন  তিনি।
মন্দা উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।  এই উদ্যোগের ফলে একদিকে যেমন ঝরে পড়া আমগুলো নষ্ট হচ্ছে না, অন্যদিকে বিভিন্ন ধরণের আচার ও আমের সুস্বাদু খাবার মানুষের পুষ্টির বিশেষ চাহিদা পুরণ হচ্ছে। বর্তমানে তাদের তৈরী আচার ও খাবার পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এক সময় এর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এ থেকে অর্থনৈতিক আয়ের একটি বড় দিক হতে পারে যা এসব গ্রামীণ নীরাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।
স/শা