সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁর বোয়ালিয়া কমিউনিটি রিডিং ক্যাম্পের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
নওগাঁর বোয়ালিয়া কমিউনিটি রিডিং ক্যাম্পের কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি:
আর্ন্তজাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায়, ইউএসএইড এর আর্থিক সহযোগিতায় এবং জাতীয় সংস্থা আরডিআর এস বাংলাদেশের সরাসরি তত্ত্বাবধানে নওগাঁ সদর উপজেলার রিড প্রকল্পের আওতায় বোয়ালিয়া কমিউনিটি রিডিং ক্যাম্প (সিআরসি) এর কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলার সদর উপজেলার ৪৫নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে কমিউনিটি রিডিং ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের ক্লাশ এর পর খেলতে খেলতে শেখা, গল্পের মাধ্যমে পড়া ও শিখনকে স্থায়ীকরনের সুযোগ পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন মুক্তা, প্রধান শিক্ষক মাসুদা বিলকিস, বোয়ালিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি হারুন অর রশিদ, ওয়ার্ড কমিশনার ও এসএমসি সদস্য জান্নাতুল ফেরদৌসি সহ অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের রিড প্রকল্পের প্রতিনিধি শফিকুল ইসলাম, ম্যানেজার প্রোগ্রাম অপারেশন সহ আরডিআরএস বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রিড প্রকল্পের প্রতিনিধি শফিকুল ইসলাম জানান, বোয়ালিয়া সিআরসিটি মূলত রিড প্রকল্পের আওতাভুক্ত বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের শিখনের জন্য কমিউনিটি রিডিং ক্যাম্প। এই রিডিং ক্যাম্পে সাধারণত  বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই নিকটবর্তী উন্মুক্ত ও নিরাপদ স্থান, যা এসএমসি এবং বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক নির্ধারিত হয়েছে।

এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ছুটি পরবর্তী সময়ে আনন্দের মাধ্যমে গান গেয়ে এবং গান শুনে, গল্প শুনে ও পড়ে, নিজে গল্প বলে, খেলার মাধ্যমে, হাতে কলমে কাজ করে ও বিভিন্ন উপকরণ ব্যবহার করার মাধ্যমে শেখার সুযোগ পাবে। যেখানে দুজন রিড প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি লিটারেসি ভলান্টিয়ার প্রতিদিন দুইঘন্টা করে সিআরসি এর সেশন পরিচালনা করবেন।

তিনি বলেন, সিআরসির মাধ্যমে শিশুর শিখন টেকসই হবে, শিশুর মধ্যে স্কুল ভীতি কমবে; পড়া ভীতি থাকবে না, একে অন্যের সাথে ভালো সর্ম্পক গড়ে উঠবে সমবয়সী এক শিশু অপর শিশুর নিকট থেকে শিখবে, উপকরণ ব্যবহার করে পড়া শিখতে পারবে ও সৃজনশীল হবে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।

এই উদ্দেশ্যে  নওগাঁ জেলায় মোট ৬৬২ টি এবং সদর উপজেলায় ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন স্থানে সিআরসির যাত্রা শুরু হতে যাচ্ছে। যেখানে শুধুমাত্র নওগাঁ জেলাতেই প্রাথমিক পর্যায়ের ৬১৫৫৩ জন শিশু পড়ার সুযোগ লাভ করবে।

 

স/আ