
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান।
অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান বলেন- বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষাব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যেসকল অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো অর্জনে তিনি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে তাই স্মার্ট শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়েছেন। এগুলো বাস্তবায়নে প্রয়োজন জাতির পিতার দর্শনের বাস্তবায়ন। যিনি শিক্ষা প্রশাসন পরিচালনায় শিক্ষা সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদানের মতো ব্যবস্থা গ্রহণ করেছিলেন, একই ব্যবস্থা গ্রহণ বর্তমান বাস্তবতায় সবচাইতে প্রাসঙ্গিক। তাই জরুরিভাবে প্রয়োজন একটি দক্ষ, যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা, অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সময়ের দাবী।
তিনি বলেন, পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটিনা দেওয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার। এসব দাবি বেশি ভাগই পুরাতন। দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড. জিয়াউল হক, জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল হাসান হিরো, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোজাফ্ফর হোসেন, বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজে ইউনিটের সাধারণ সম্পাদক মো. আকতুব হাসানসহ অন্যরা। সংবাদ সম্মেলনে বিসিএস সাধারন শিক্ষক সমিতি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









