স্বাস্থ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আবহাওয়া দিবস পালিত

নিউজ ডেস্ক১৮ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘আজকের পর্যবেক্ষণ, আগামীর সুরক্ষা’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ মে) ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

দিবসটি উপলক্ষে ফটোগ্রাফি, বক্তৃতা ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়ালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম। সাউথ এশিয়ান মিটিওরোলজিকাল অ্যাসোসিয়েশন (সামা)-এর সভাপতি অধ্যাপক ড. অজিত তেয়াগি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সোমেশ্বর দাস ভার্চুয়ালি বক্তব্য দেন।

দিবসের সার্বিক কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হাইড্রো-ক্লাইমেট অ্যান্ড ওশান সেন্টার (এইচসিও)-এর নির্বাহী পরিচালক ড. মোহন কুমার দাস।
উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণসহ বিভিন্ন মানবসৃষ্ট দূষণের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর ফলে অতিবৃষ্টি, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।’ উন্নয়নকে টেকসই করতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ সময় জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।