সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

টানা দু’বছর লোকসানের পর চাঁপাইনবাবগঞ্জের ধনেপাতা চাষিদের মুখে হাসি

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
টানা দু’বছর লোকসানের পর চাঁপাইনবাবগঞ্জের ধনেপাতা চাষিদের মুখে হাসি
ছবি সংগৃহিত

কামাল হোসেন,ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এবার শীতকালীন সবজি ধনে পাতার চাষাবাদ করে লাভবান হয়েছে কৃষক। পর পর দু’বছর লোকসানের পর, এবার হাসি ফুটেছে কৃষকের মুখে। বিঘা প্রতি ফলন হয়েছে ১৪ থেকে ১৬ মন। জেলার চরাঞ্চলে উৎপাদিত স্থানীয় জাতের এই ধনে পাতার সুনাম সর্বত্র। দিন দিন তাই বাড়ছে ধনে পাতার চাষও।

 
স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশেই এখন তা রপ্তানি হচ্ছে। শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে স্বাদে, গন্ধে অতুলনীয় ও পুষ্টিতে ভরপুর ধনেপাতা। প্রতি বর্ষা মৌসুম শেষে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের জমিতে স্থানীয় জাতের এই ধনে পাতার চাষ করে আসছে কৃষকরা।

 

অল্প পুঁজিতে বেশি লাভ। তাই এবার জেলার চরবাগডাঙ্গা, সুন্দরপুর, দেবিনগর, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় চাষ হয়েছে ধনে পাতার। তাতে ফলনও হয়েছে বেশ ভাল। বিঘা প্রতি খরচ পড়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। আর প্রতিবিঘা ধনেপাতা ৪৫ থেকে ৬০ হাজার টাকা দরে বিক্রি করতে পারছেন প্রন্তিক কৃষক।

 
চাষীরা জানান, পর পর দু’বছর লোকসানের পর বাড়তি এমন আয়ে হাসি যেমন ফুটেছে কৃষকের মুখে। তেমনি ধনেপাতা চাষে আগ্রহ দেখা দিয়েছে জেলার কৃষকদের মাঝেও। এখানকার উৎপাদিত স্থানীয় জাতের এই ধনেপাতার চাহিদা ও জনপ্রিয়তা দেশজোড়া। স্থানীয় চাহিদা মিটিয়ে তাই রাজধানী ঢাকাসহ সারাদেশেই এখন তা রপ্তানি হচ্ছে। সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধনেপাতা কিনে লাভবান হচ্ছেন ক্ষুদ্র ব্যাপারীরাও ।

 
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড.মোহাঃ সাম্স-ই-তাবরিজ সিল্কসিটি নিউজকে জানান, গত বছর জেলায় ২৫০ হেক্টর জমিতে ধনে পাতার চাষ হয়। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭ হেক্টর জমিতে। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায়, আগামীতে ধনেপাতা চাষে আরো আগ্রহী হবে প্রান্তিক চাষীরা, এমনটাই জানালেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

 
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে ধনে পাতা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে, কৃষকদের সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।
স/শ