সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার ৪ হাজার ৫৫১ জন কৃষকের সাড়ে ৩ কোটি টাকারও বেশি ঋণ মওকুফ করা হয়েছে। ফলে দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে। বর্তমান সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তে এই বিশেষ আর্থিক ছাড়ের আওতায় তাদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তথ্যমতে, সরকারের নির্দেশনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো।

ঝিনাইদহের প্রধান তিনটি ব্যাংকের মাধ্যমে মোট ৩ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
জানা গেছে, সুবিধাভোগীদের অধিকাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক। কৃষি ব্যাংকের অধীনে ৪ হাজার ২৩০ জন কৃষকের অনুকূলে ৩ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মওকুফ করা হয়েছে। অগ্রণী ব্যাংক ২৯০ জন কৃষকের ২১ লাখ ৮৩ হাজার টাকা মওকুফ করেছে।
অন্যদিকে জনতা ব্যাংক ৩১ জন কৃষকের ২ লাখ ৮৬ হাজার টাকার ঋণ মওকুফ করে নিয়েছে।
শৈলকুপা দুধসর এলাকার কৃষক গোলাম নবী বলেন, ‘উৎপাদন খরচ বৃদ্ধি আর দুর্যোগের কারণে সামান্য এই ঋণ পরিশোধ করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। এখন দুশ্চিন্তামুক্ত হয়ে নতুন করে মাঠে চাষাবাদ করতে পারব।’
সদর উপজেলার চাপড়ী গ্রামের কৃষক আজগর আলী বলেন, ‘নির্বাচনের আগে যে আমাদের কৃষকদের নিয়ে বিএনপি যে অঙ্গিকার করেছিল।
সেটা তারা ক্ষমতায় এসে পালন করেছে। কৃষিঋণ মওকুফ করায় গ্রামে গ্রামে কৃষদের মাঝে স্বস্তির হাওয়া বইছে।’
ঝিনাইদহ কৃষক ব্যাংকের উপমহাব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, ‘দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এতে প্রান্তিক কৃষকদের মনোবল আরও বাড়বে। ব্যাংকগুলো দ্রুতই এই সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
’
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ কালের কণ্ঠকে বলেন, ‘বর্তমান সরকারের এই সিদ্ধান্ত কৃষিবান্ধব ও যুগান্তকারী। কৃষি ঋণ মওকুফ করায় ঝিনাইদহের হাজারো কৃষকের ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।’










